জাতীয় গ্রিডে যুক্ত হবে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
প্রকাশ : ০৩ মার্চ ২০১৩, ২১:৩৩
আগামী ১৫ দিনের মধ্যে তিতাস ও শ্রীকাইলের দুটি কূপ থেকে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। এছাড়া আগামী দুই মাসের মধ্যে তিতাসে ২০ নম্বর কূপ থেকে আরো ২৫ থেকে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছে পেট্রোবাংলা।
শনিবার বিকালে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২০ নম্বর কূপের খনন কাজ শুরু করেছে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্যাজপ্রম। খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর। চেয়ারম্যান বলেন, তিতাসের ১৭ নম্বর কূপ থেকে ২০ মিলিয়ন গ্যাস উত্তোলন করা যাবে। প্রসেসিং প্ল্যান্ট স্থাপনের কাজ শেষ হলে আগামী সপ্তাহের শুরুতেই এ গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। সম্প্রতি শ্রীকাইলের ২০ নম্বর কূপে কাজ শুরু করেছে গ্যাজপ্রম। ওই কূপ থেকে আগামী ১৫ দিনের মধ্যে আরো ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। এক সপ্তাহের মধ্যে শ্রীকাইলের আরো একটি কূপে কাজ শুরু করবে গ্যাজপ্রম। তিতাসের ২০ নম্বর কূপের কাজ আগামী দুই মাসের মধ্যেই শেষ হবে। এ কূপ থেকে প্রতিদিন ২৫ থেকে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করা হচ্ছে। এরপর ২১ নম্বর কূপে খনন কাজ শুরু হবে।