যশোরে নিখোঁজ সাবেক ইউপি সদস্যের গলিত লাশ উদ্ধার

নিখোঁজের ৯ দিন পর যশোর সদর উপজেলার সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেনের (৪৩) গলিত লাশ পুলিশ উদ্ধার করেছে। ঝিকরগাছা উপজেলার হালসা বিল থেকে গতকাল রবিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আলতাফ হোসেন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাগডাঙ্গা এলাকার মৃত আফসার আলীর ছেলে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ বিল থেকে লাশ উদ্ধার করে। বিলের ওই অংশে মানুষের যাতায়াত না থাকায় এ কয়েকদিন লাশের খোঁজ পাওয়া যায়নি। সংশিষ্ট সূত্রে জানা যায়, আলতাফ হোসেন তার বাগডাঙ্গার বাড়ি থেকে গত ২৩ ফেব্রুয়ারি নিখোঁজ হন। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় একটি জিডি করা হয়। আলতাফের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও ফেনসিডিল ব্যবসার অভিযোগ রয়েছে। এ নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।