জামায়াত-শিবিরের বিরুদ্ধে পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহবান
প্রকাশ : ০৩ মার্চ ২০১৩, ২১:৩৯
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে জামায়াত-শিবিরকে চিরস্থায়ীভাবে নির্মূল করতে দেশের প্রতিটি পাড়া-মহল্ল¬ায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা রবিবার রাজধানীর প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে যুদ্ধাপরাধীদের পক্ষে বেগম খালেদা জিয়ার বক্তব্য ও যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য গভীর ষড়যন্ত্র এবং হরতালের প্রতিবাদে আয়োজিত সমাবেশে এ আহ্বান জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট বলরাম পোদ্দার, কৃষক লীগের সহ-সভাপতি এমএ করিম, সোনারগাঁও চারুকারু ফাউন্ডেশনের মহাপরিচালক কবি রবীন্দ্র গোপ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া অসাম্প্রদায়িক চেতনা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধকে বিনষ্ট করার জন্য জামায়াত-শিবিরকে দিয়ে সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালাচ্ছেন। খালেদা জিয়া কখনো মনে-প্রাণে দেশের মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারেনি উল্লেখ করে তারা বলেন, তিনি (খালেদা) রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন দেশকে সন্ত্রাসী, জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করেছিলেন।