খালেদার নির্দেশে একাত্তরের মতো তাণ্ডব চালাচ্ছে জামায়াত :নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে একাত্তরের মতো দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালাচ্ছে জামায়াত-শিবির। এ কারণে যুদ্ধাপরাধী সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে নিহতদের দায় খালেদা জিয়া কোনভাবেই এড়াতে পারেন না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ধর্ম বিএনপি-জামায়াতের কাছে মোটেও নিরাপদ নয়। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে মোকাবেলার করার আহ্বান জানান তিনি। গতকাল রবিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের পক্ষে মোহাম্মদ নাসিম বলেন, অপশক্তির তাণ্ডবের প্রতিবাদে আজ সোমবার রাজধানীসহ সারাদেশে ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও জেলায় ১৪ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। মোহাম্মদ নাসিম অভিযোগ করে বলেন, খালেদা জিয়া গত বৃহস্পতিবারের ঘটনাকে গণহত্যা বলছেন। কিন্তু তিনি ক্ষমতায় থাকাকালে কানসাটে আন্দোলনরত মানুষ হত্যা করেছেন, ক্লিনহার্ট অপারেশনের নামে অনেক নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করেছেন, একুশে আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে আইভি রহমানসহ ২৪ জনকে নির্মমভাবে হত্যা করেছেন, সার চাইতে গিয়ে ১৮ জন কৃষকের প্রাণ নিয়েছেন, ২০০১ সালের নির্বাচন পরবর্তী সময়ে অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বিচারে হত্যা করেছেন সেগুলোকে কি গণহত্যা বলবেন না? জিয়াউর রহমান বিনা বিচারে অসংখ্য সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যদের হত্যা করেছেন, এসব নারকীয় হত্যাকাণ্ড কী গণহত্যার পর্যায়ে পড়ে না? এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।