ইত্তেফাক রিপোর্ট
সেনাবাহিনী, পুলিশ ও সরকারি অফিসে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে র্যাব-১০। আটককৃত এ তিনজন হলেন, সবুজ তালুকদার, মিজানুর রহমান ও সাহাবুব রহমান বাবলু। গত শুক্রবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে অভিযানের সময় এ চক্রের প্রধান সিরাজুল ইসলাম পালিয়ে গিয়েছে। তাকে গ্রেফতার করার জন্য র্যাব অভিযান অব্যাহত রেখেছে।
র্যাব-১০ এর সূত্র জানায়, মিজানুর রহমান নামে এক যুবককে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখান সিরাজুল ইসলাম। এ জন্য তিনি মিজানুরের চাচা আক্তার হোসেনের কাছ থেকে দুই লাখ ৯৮ হাজার টাকা নেন। পরে চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে সিরাজুল ও তার সহযোগীরা তাকে বিভিন্নভাবে হুমকি দেন। মিজানুর ছাড়াও গত এক মাসে এই চক্রের বিরুদ্ধে এমন আরো অন্তত ১০টি অভিযোগ পায় র্যাব। এসব অভিযোগ খতিয়ে দেখে র্যাব সিরাজুলকে আটক করতে মাঠে নামে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে চাকরি দেওয়ার নামে বেকার যুবকদের সঙ্গে প্রতারণা করে আসছেন।