বার দিন পর সতের জেলে সাগর থেকে ফিরে এলেন পাথরঘাটায়

সাগরে ভাসমান অবস্থায় অর্ধাহারে-অনাহারে কাটিয়ে ১২ দিন পর ১৭ জেলে পাথরঘাটায় ফিরে এসেছেন। গতকাল রবিবার সকালে চট্টগ্রাম থেকে বাসযোগে পাথরঘাটায় এসে পৌঁছেন তারা। গত ১৯ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে ডাকাতদের কবলে পড়ে এফবি তন্ময় ট্রলারসহ ১৭ জন জেলে। ফিরে আসা জেলেরা হলেন আবুল হোসেন, জাহাঙ্গীর মিয়া, সাদ্দাম হোসেন, মিজানুর রহমান, ইউনুছ মিয়া, ফেরদৌস, আল আমিন, জাহিদুল, মাসুম, হাবিবুর রহমান, শাহাদাত, হানিফ, বশির, আনছার, সাইদুল, মাহাবুব ও আ. রশিদ। এদের সকলের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। গভীর সাগরে মাছ ধরা অবস্থায় ১৯ ফেব্রুয়ারি ডাকাতির সময় ট্রলারের রসদ সামগ্রী নিয়ে ট্রলারের ইঞ্জিন বিকল করে দিয়ে জলদস্যুরা সুন্দরবনের গহীনে চলে যায়। ইঞ্জিন বিকল হওয়ায় ভাসতে ভাসতে গভীর সাগরে ট্রলারটি চলে যায়। ৮ দিন গভীর সমুদ্রে অর্ধাহারে-অনাহারে তাদের দিন কাটে। পরে ২৭ ফেব্রুয়ারি গভীর সমুদ্রে জার্মানের তৈরি ‘হোয়েন রিগার’ নামের একটি জাহাজ সিঙ্গাপুর থেকে বাংলাদেশের উদ্দেশে আসতে দেখে ভাসমান জেলেরা সিগনাল দিলে ওই জাহাজের স্টাফরা তাদের দেখে জাহাজে তোলে। ২ দিন পর ওই জাহাজটি চট্টগ্রামে এসে পৌঁছে।