নির্দেশদাতা ‘বড়ভাই’কে ধরতে ডিবির অভিযান

শাহবাগ গণজাগরণ মঞ্চের অন্যতম কর্মী এবং ব্লগার আহমেদ রাজীব হায়দার শোভন খুনের মুল পরিকল্পনাকারী ‘বড়ভাই’কে ধরতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান শুরু করেছে। গ্রেফতারকৃত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৫ ছাত্রের স্বজনরা শনিবার রাতে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন। রাজীব হত্যাকান্ডের লোমহর্ষক বর্ণনা শুনে তারা নিজেরাই হতবাক হয়ে যান। এ দিকে গ্রেফতারকৃতরা ডিবির জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা ঈমানি দায়িত্ব পালনের জন্য রাজীবকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন। আর সবকিছু করা হয়েছে ‘বড়ভাই’র নির্দেশে। তারা নিজেরা কোন সংগঠনের সঙ্গে যুক্ত থাকার কথাও অস্বীকার করেছেন। ব্লগার রাজীব হত্যাকান্ডের ঘটনায় ডিবি পুলিশ শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৫ ছাত্রকে গ্রেফতার করে। এরা হচ্ছেন ফয়সাল বিন নাঈম ওরফে দীপ (২২), মাকসুদুল হাসান অনিক (২৩), এহসান রেজা রুম্মান (২৩), নাঈম সিকদার ইরাদ (১৯) ও নাফিস ইমতিয়াজ (২২)। ডিবি পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার ৭ দিনের রিমান্ডে নিয়েছে। গতকাল রবিবার ছিল রিমান্ডের প্রথম দিন। মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি(ডিসি ডিবি) মোল্লা নজরুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতারকৃতদের ভাষ্য মতে সেই কথিত বড়ভাইকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তাকে গ্রেফতার করা গেলে প্রকৃত রহস্য জানা যাবে। পাঁচ ছাত্র গ্রেফতার হওয়ার পর তাদের স্বজনরা ডিবিতে এসেছিলেন। তাদের সামনেই গ্রেফতারকৃতরা হত্যাকান্ডের বিস্তারিত বর্ণনা দিয়েছে। তাদের বর্ণনা শুনে স্বজনরাও রীতিমত হতবাক হয়েছেন। ডিসি ডিবি আরও বলেন, ধর্মবিদ্বেষী নিছক গুজবে কান দিয়েই ভয়ঙ্কর পরিকল্পনা করেছিল গ্রেফতারকৃতরা। তারা বিভিন্ন ব্লগ অনুসরণ করে আরও কয়েকজনকে টার্গেট করেছিল। ডিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, গ্রেফতার হওয়া পাঁচ ছাত্র প্রথমে কোনো অনুশোচনা করেননি। তবে সময় পার হওয়ার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে অপরাধবোধ কাজ করছে। গতকাল রুম্মান ছাড়া সকলেই স্বীকার করেছেন, রাজীবকে হত্যার ঘটনায় তারা অনুতপ্ত। গ্রেফতার হওয়া দীপ খেলাধুলাভিত্তিক একটি সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন। গত ১৫ ফেব্রুয়ারি পল্লবীর পলাশনগরে নিজ বাসার সামনে নৃশংসভাবে খুন হন ব্লগার রাজীব। এ ঘটনায় রাজীবের বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। পরে মামলাটি তদন্ত ন্যস্ত হয় ডিবিতে। ডিবি পুলিশ শুক্রবার রাতে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৫ ছাত্রকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় হত্যাকান্ডে ব্যবহূত ২টি চাপাতি, ৪টি ছোরা, ১টি বাইসাইকেল, ১ জোড়া রিবুক কেডস, ৭টি বিভিন্ন মডেলের মোবাইল সেট ও ১টি স্কুলব্যাগ ।