বেনাপোলে গণজাগরণ মঞ্চে পশ্চিমবঙ্গের সংহতি প্রকাশ

শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে গতকাল রবিবার বিকেলে বেনাপোল নো-মান্সল্যান্ড এলাকা মুখরিত হয় দু’বাংলার তরুণ প্রজন্মের শ্লোগানে। রাজাকারদের ফাঁসির দাবিতে উত্তাল জনস্রোতে একাকার হয়ে যায় নো-ম্যান্সল্যান্ড এলাকা। গতকাল দুপুর থেকেই ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিভিন্ন পেশাজীবী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী জড়ো হন ভারতের বনগাঁ রেলওয়ে স্টেশন এলাকায়। সেখান থেকে পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক দীপ্তিমান বসুর নেতৃত্বে বিশাল মিছিল ১২ কিলোমিটার পায়ে হেঁটে বিকেল সাড়ে ৪টায় এসে পৌঁছে বেনাপোল-পেট্রাপোল সীমান্তের নো-মান্সল্যান্ড এলাকায়। এ সময় নো-মান্সল্যান্ডে অপেক্ষমাণ বাংলাদেশের গণজাগরণ মঞ্চের নেতৃবৃন্দের সাথে একাত্মতা ঘোষণা করে তারা বিভিন্ন শ্লোগান দেন। সমাবেশে কয়েকশ’ মুক্তিযোদ্ধাও অংশ নেন। বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটনের নেতৃত্বে ঢাকার গণজাগরণ মঞ্চ থেকে আসা বৈদ্যনাথ দাস, যশোর গণজাগরণ মঞ্চের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ও যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরামউদ্দৌলাহ ভারতীয় নেতৃবৃন্দের কাছে বাংলাদেশের জাতীয় পতাকা, ব্যানার ও লিফলেট প্রদান করেন। এসময় উভয় সীমান্তে নেয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা।