জামায়াতের সহিংসতা রোধে সেক্টর কমান্ডারস ফোরামের আহ্বান

জামায়াত-শিবিরের দেশব্যাপী নৈরাজ্য ও সহিংসতা রুখতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম। গতকাল রবিবার এক সভায় ফোরামের নেতারা বলেন, যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধীদের রক্ষায় জামায়াত-শিবির মরিয়া হয়ে উঠেছে। তারা দেশব্যাপী যে, সহিংসতা চালিয়ে যাচ্ছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-৭১ তাকে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে একাত্তরের পরাজিত পাকিস্তান পন্থিদের পরিকল্পিত আগ্রাসন বলে মনে করে। নেতৃবৃন্দ মানবতা ুবিরোধীদের পরিকল্পিত আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মুক্তিযোদ্ধা, তরুণ প্রজন্মসহ দেশবাসীর প্রতি আহবান জানান। তারা যে কোন মূল্যে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহবান জানান। বক্তারা বলেন, জামায়াতে ইসলামী আর ইসলাম এক জিনিস নয়। এ বিষয়ে দেশবাসীকে বিভ্রান্ত না হবার আহবান জানান তারা। তারা বলেন, স্বাধীনতা বিরোধী পাকিস্তান পন্থি মৌলবাদী অপশক্তির পক্ষ নিয়ে খালেদা জিয়া তার অবস্থান পরিষ্কার করেছেন। এখন থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে, খালেদা জিয়া নিজেই এই মানবতা বিরোধীদের মূল পৃষ্ঠপোষক। সভায় শাহবাগ প্রজন্ম চত্বরের আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তারা তরুণদের আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দেয়ার আহবান জানান। ফোরামের ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি ও ফোরামের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বীর উত্তম। কার্যনির্বাহী পরিষদের এই সভায় বক্তব্য রাখেন ফোরামের প্রেসিডিয়াম সদস্য সেক্টর কমান্ডার লে. কর্নেল আবু ওসমান চৌধুরী, সাংবাদিক হারুন হাবীব, ডা. সারওয়ার আলী, নাট্য ব্যক্তিত্ব ম. হামিদ, কর্নেল (অব.) শামসুল আলম, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অব.) নূরুল আলম, মেজর জেনারেল (অব.) শাহজাহান, অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ।