‘গণমাধ্যমের সংকট কাটিয়ে উঠতে সাংবাদিকদের ঐক্যের বিকল্প নেই’

চার সাংবাদিককে নিয়ে স্মরণসভা

ইত্তেফাক রিপোর্ট

দেশে গণমাধ্যমের দুর্দিন চলছে। এর প্রাথমিক শিকার হচ্ছেন গণমাধ্যম কর্মীরা। এই সংকট দূর করতে সাংবাদিকদের ঐক্যের কোনো বিকল্প নেই। জীবিকার তাগিদে সাংবাদিক নেতাদের আরো সোচ্চার হতে হবে বলে মত দেন বক্তারা। গতকাল সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে সংগঠনের চার সিনিয়র সদস্যের প্রয়াণে আয়োজিত এক স্মরণসভায় সাংবাদিক নেতারা এসব কথা বলেন। ডিআরইউ’র সাবেক সভাপতি এম আনোয়ারুল হক, প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী কমিটির সদস্য শাহরিয়ার শহীদ, সাংস্কৃতিক সম্পাদক সফিউল আলম রাজা ও সিনিয়র সদস্য এম. বশির আহমেদ এর মৃত্যুতে এ স্মরণসভার আয়োজন করা হয়। ডিআরইউ’র সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবির আহমেদ খান।

বক্তারা বলেন, পেশার মান উন্নয়নে ও মর্যাদা রক্ষায় নিজেদের সমৃদ্ধি করার কোনো বিকল্প নেই। প্রয়াত চার ডিআরইউ সদস্য গুণে মানে দক্ষ এবং সন্মানিত সাংবাদিক ছিলেন। তাদের শূন্যস্থান পূরণ হবার নয়। তাদের অর্জনকে সামনে রেখে বর্তমান প্রজন্মকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।

স্মরণসভায় বক্তব্য রাখেন ডিআরইউ’র সাবেক সভাপতি এম. শফিকুল করিম, সাখাওয়াত হোসেন বাদশা, শাহেদ চৌধুরী ও জামাল উদ্দীন, ডিআরইউ কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক জামিউল আহসান সিপু, সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, কল্যাণ সম্পাদক কাওসার আজম, সাবেক সহ-সভাপতি আবু দারদা জুবায়ের, সাবেক সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম হাসিব। পরিবারের পক্ষ থেকে বক্তৃতা করেন মরহুম এম আনোয়ারুল হকের ছেলে আসিফ শাওন, এম. বশির আহমেদের পুত্র ডা. সালেহ আহমেদ এবং সফিউল আলম রাজার স্ত্রী জাকিয়া সুলতানা। এ সময় ডিআরইউ কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন, মোহাম্মদ মাকসুদুল হাসান, রাশেদুল হকসহ ডিআরইউ সদস্য ও প্রয়াত সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।