সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে শহীদ মিনারে মানববন্ধন
প্রকাশ : ০৩ মার্চ ২০১৩, ২২:২৭
দেশের বিভিন্নস্থানে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, নির্যাতন, ধর্মীয় উপাসনালয়ে হামলার প্রতিবাদে গতকাল রবিবার শহীদ মিনারে মানববন্ধন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে দুষ্কৃতকারীদের অবিলম্বের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়।
শহীদ মিনারের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশ নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, বিএমএ মহাসচিব ও বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. ইকবাল আর্সেনাল, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. কনককান্তি বড়ুয়া, প্রক্টর অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া স্বপনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, চিকিত্সক, কর্মকর্তা, সেবক-সেবিকা ও কর্মচারীবৃন্দ।