একাত্তরের মতো ঘরে ঘরে দুর্গ গড়ার আহ্বান
প্রকাশ : ০৩ মার্চ ২০১৩, ২২:২৮
চট্টগ্রামে গতকাল রবিবার হরতাল সমর্থকদের মাঠে দেখা যায়নি। তবে নগরীর বিভিন্ন স্থানে হরতাল বিরোধী সমাবেশ ও মিছিল করেছে মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। এরকম এক সমাবেশে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, একাত্তরের মতই ঘরে ঘরে দুর্গ গড়ে তুলে পাড়া-মহল্লায় জামায়াত-শিবিরকে শুধু প্রতিরোধ নয়, নির্মূল করতে হবে। ওদের বিষদাঁত ভেঙ্গে দিতে হবে।
সাবেক মেয়র বলেন, বেগম খালেদা জিয়া জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ও যুদ্ধাপরাধীদের দোসর। তিনি সামপ্রদায়িকতার উস্কানি দিচ্ছেন। তার এই দুঃসাহসের চরম মূল্য দিতে হবে। তিনি যদি যুদ্ধাপরাধীদের পক্ষ ত্যাগ না করেন তাহলে তার আশ্রয় হবে ইতিহাসের আঁস্তাকুড়ে। এছাড়া চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গণজাগরণ মঞ্চে হরতাল বিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। এতে বিভিন্ন পেশার নারী-পুরুষ ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। তারা যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।
এসব সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম আমিন, সিপিবি নেতা শাহআলম, ওয়ার্কার্স পার্টির নেতা আবু হানিফ প্রমুখ।