রাজশাহীতে ট্রেনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

রাজশাহীতে বিলাস বহুল আন্ত:নগর ট্রেন সিল্কসিটির তিনটি বগিতে গত শনিবার রাতে অগ্নিসংযোগের ঘটনায় গতকাল রবিবার উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের জেনারেল ম্যানেজার (জিএম) ফেরদৌস আলমকে এ কমিটির প্রধান করা হয়েছে। স্টেশন মাস্টার আনিসুর রহমান নাশকতার ঘটনায় গত শনিবার রাতে তিন কোটি টাকার ক্ষতি উল্লেখ করে জিআরপি থানায় একটি মামলা করেছেন। রাজশাহী জিআরপি থানার ওসি আলমগীর হোসেন জানান, অজ্ঞাত দুষ্কৃতকারী বলা হলেও তদন্তসাপেক্ষে আসামিদের চিহ্নিত ও অন্তর্ভুক্ত করা হবে। রেলওয়ের কন্ট্রোল সূত্র জানায়, ঢাকা থেকে রাত ১০টায় ‘সিল্কসিটি এক্সপ্রেস’ প্লাটফরমে প্রবেশের পর যাত্রীরা নেমে যায়। এর কয়েক মিনিটের মধ্যেই প্রথমে শীতাতপ নিয়ন্ত্রিত তিনটি বগিতে আগুন লাগানো হয়। সূত্রের ধারণা, ট্রেনের যাত্রী ও স্টেশনে থাকা হরতাল সমর্থকদের একাধিক গ্রুপ এ নাশকতায় জড়িত। আগুন লাগার পর ঘটনাস্থলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে লোকজন যখন আতঙ্কে ছোটাছুটি করছিল তখন জড়িতরা পালিয়ে যায়। এদিকে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা গতকাল রবিবার ক্ষতিগ্রস্ত ট্রেনের বগিগুলো পরিদর্শন করেছেন।