ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর গুলিস্তানের গোলাপশাহ মাজার এলাকায় রুনা নামের এক নারীর কানের দুল ধরে টান দিয়ে তা ছিনিয়ে নিয়েছে এক দুর্বৃত্ত। এতে ওই নারীর কানের নিচের অংশ ছিঁড়ে গেছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। পরে রুনা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে তার কান সেলাই করে জোড়া লাগান। ছিনতাইয়ের শিকার রুনা আক্তার জানান, যাত্রাবাড়ীর কাজলা এলাকায় তিনি পরিবার নিয়ে থাকেন। তার মেয়ে গত কয়েকদিন প্রচণ্ড জ্বরে আক্রান্ত। তাই মেয়েকে নিয়ে তিনি রিকশা যোগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার পথে গোলাপশাহ মাজারের কাছে পৌঁছালে পেছন থেকে এক ছিনতাইকারী হাত বাড়িয়ে তার কান থেকে দুলটি ছিঁড়ে নেয়। এতে তার কানের একাংশ ছিঁড়ে রক্ত ঝরতে থাকে। তিনি চিত্কার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। তবে এসময়ের মধ্যে ছিনতাইকারী পালিয়ে যায় বলে তাকে ধরা যায়নি। রুনা আরো জানান, তার কানের দুল সোনালী রঙয়ের হলেও সেটি ছিল ইমিটেশনের।