বেগমগঞ্জে সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদানে হাইকোর্টের নির্দেশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তাদের ঘরবাড়ি ও মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও মন্দির পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব, পুলিশের আইজি, নোয়াখালীর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দশদিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সময়ের মধ্যে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়। জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর শনিবার নোয়াখালীর বেগমগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ নিয়ে শনিবার একটি ইংরেজি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয়। আদেশের পূর্বে আদালত কক্ষে উপস্থিত সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ও অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খানের মতামত শোনে আদালত। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অ্যাডভোকেট অমিত তালুকদার।