গল্প নয় সত্যি
দেরিতে হলেও ধূমপান ছাড়ুন
প্রকাশ : ০৪ মার্চ ২০১৩, ২০:১৪
নানা সময় ছাড়বো ছাড়বো করেও যাদের ধূমপান ছাড়া হয়নি তাদের অনেকেই শেষ বয়সে এসে ধূমপান পরিত্যাগের উত্সাহ পান না। হয়তো ভাবেন, এতোদিনে শরীরের যা ক্ষতি হবার তা তো হয়েই গেছে। কাজেই শেষ বয়সে এসে ধূমপান ছাড়লেও হয়তো রেহাই পাওয়া যাবে না এর ক্ষতির হাত থেকে। কিন্তু মানুষের প্রচলিত এই বিশ্বাসের সাথেই এবার গবেষণালব্ধ তথ্য-প্রমাণ হাজির করে দ্বিমত পোষণ করেছেন জার্মানির একদল গবেষক। দীর্ঘ পর্যবেক্ষণ ও বিশে¬ষণের মাধ্যমে এই গবেষকরা দেখেছেন যে, ধূমপান এমনই এক ক্ষতিকর বিষয় যেটি ছেড়ে দেওয়ার সময় ধূমপায়ীর বয়স যাই হোক না কেন তিনি কিছু না কিছু সুফল ঠিকই পান। এমনকি বেশি বয়সে ধূমপান ছাড়া এসব ব্যক্তিদের অনেকের ক্ষেত্রে মারা্তক সব রোগের ঝুঁকি কমে গিয়ে অনেকটা অধূমপায়ীদের কাতারে গিয়েও দাঁড়ায়। গবেষণার অংশ হিসেবে জার্মানির ক্যান্সার রিসার্চ সেন্টারের এই গবেষকরা ৫০ থেকে ৭৪ বছর বয়সী নয় হাজার লোকের উপর দীর্ঘ দশ বছর ধরে গবেষণা চালান। এতে দেখা যায় যে, বয়স পঞ্চাশ পেরিয়ে যাবার পরও যার ধূমপান ছাড়ার মতো ভালো কাজটি করতে পেরেছেন তাদের হূদরোগে আক্রান্ত হওয়া বা মস্তিস্কে রক্তক্ষরণের মতো মারাত্মক শারিরীক বিপর্যযে পড়ার ঝুঁকি ধূমপায়ীদের তুলনায় ৪০ শতাংশ পর্যন্ত কমে যায়। এ ছাড়া অধূমপায়ী কিংবা ধূমপান ছেড়ে দেওয়া ব্যক্তির চেয়ে ধূমপায়ীরা যে অনেক অল্প বয়সেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হতে পারেন বা এসব ক্ষেত্রে তাদের ঝুঁকি যে প্রায় দ্বিগুণ সে কথাও জানিয়েছেন এই গবেষকরা। দীর্ঘমেয়াদি এই গবেষণার উল্লেখযোগ্য কিছু দিকের কথা বলতে যেয়ে জার্মান ক্যান্সার গবেষণা কেন্দ্রের প্রধান প্রফেসর হারম্যান ব্রেনার ও তার সহকর্মীরা জানান, ধূমপান ছেড়ে দিয়েছেন এমন অনেকের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের ঝুঁকি অধূমপায়ীদের মতোই কম। তাদের মতে জীবনের যেকোনো সময়েই ধূমপান ছাড়লে তার সুফল পাওয়া যায় এবং এই সুফলগুলো শরীরে প্রতিফলিত হয় ধূমপান ছাড়ার ঠিক পর মুহূর্ত থেকেই। গবেষকরা তাদের দীর্ঘমেয়াদি তথ্য বিশ্লে¬ষণে আরও দেখেছেন যে ৩৫ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ধূমপান ছাড়তে পারলে গড়ে নয় বছর, ৪৫ থেকে ৫৪ বছরের মধ্যে ধূমপান ছাড়তে পারলে ছয় বছর এবং ৫৫ থেকে ৬৪ বছরের মধ্যে ধূমপান ত্যাগ করলে গড়পরতা চার বছরের মতো আয়ু বাড়ে। উল্লে¬খ্য ইতোপূর্বে কানাডায় পরিচালিত ভিন্ন এক গবেষণা নিবন্ধেও একই ধরনের সম্ভাবনার কথা বলেছিলেন গবেষকরা যেখানে ৪৪ বছরের আগে ধূমপান ছেড়ে দেওয়া ব্যক্তিদেরকে কিছু কিছু ক্ষেত্রে সারাজীবনে ধূমপান করেননি এমন ব্যক্তিদের সাথে তুলনীয় বলে দাবি করেছিলেন গবেষকরা।