ঘাতকের ব্যবহূত বোরকা উদ্ধার

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে হত্যাকারীদের ব্যবহার করা আরো একটি বোরকা উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী শাহাদাত হোসেন শামীমের দেখানো মতে গতকাল শনিবার দুপুরে মাদ্রাসার পুকুর থেকে বোরকাটি উদ্ধার করা হয়। এ নিয়ে ঘটনার সময় হত্যাকারীদের ব্যবহূত ৫টি বোরকার মধ্যে চারটি উদ্ধার হলো। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)  প্রধান বনজ কুমার মজুমদার। অপরদিকে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পিবিআই প্রধান বলেছেন, মামলার তদন্ত মোটামুটি শেষ। চলতি মাসেই ১৬ জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হবে।

বনজ কুমার মজুমদার গতকাল সন্ধ্যায় ইত্তেফাককে বলেন, নুসরাতের শরীরের আগুন দেওয়ার ঘটনায় সরাসরি জড়িত ৫ জনের (২ জন নারী তিনজন পুরুষ) পরনে ছিল বোরকা।  এরমধ্যে ২টি বোরকা উদ্ধার করা হয়েছিল গ্রেফতারকৃত অধ্যক্ষের ভাগনি উম্মে সুলতানা পপি ও কামরুন নাহার মনির কাছ থেকে। পুরুষদের ব্যবহূত তিনটি বোরকার মধ্যে কয়েকদিন আগে স্থানীয় খাল থেকে একটি উদ্ধার করা হয়। বাকি একটি বোরকা উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

নুসরাত হত্যা মামলার তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন,  শাহাদাত হোসেন শামীম ও জাবেদ হোসেন ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তাদের দেওয়া তথ্য যাচাইয়ের জন্য তাদেরকে দ্বিতীয় দফায় ২ দিনের রিমান্ডে আনা হয়েছিল। শামীমের দেখানো মতেই গতকাল মাদ্রাসার পুকুর থেকে একটি বোরকা উদ্ধার করা হয়েছে। শামীম ও জাবেদকে রিমান্ড শেষে গতকাল আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে নুসরাত হত্যামামলার আসামিদের মধ্যে ইফতেখার হোসেন রানা, এমরান হোসেন মামুন, মহিউদ্দিন শাকিলকে ৫ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে। গতকাল ছিল রিমান্ডের তৃতীয় তিন।

মামলার তদন্ত মোটামুটি শেষ

এদিকে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেন,  নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলার তদন্ত মোটামুটি শেষ। চলতি মাসেই অভিযোগ দেবেন। অভিযোগপত্রে  মোট ১৬ জনকে আসামি করা হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

নুসরাত হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে এ পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে নুসরাতের দুই সহপাঠী, ওই মাদ্রাসার কয়েক ছাত্র এবং স্থানীয় আওয়ামী লীগের দুই নেতাও রয়েছেন।

নুসরাতের পরিবারের প্রথম মামলার পর সোনাগাজী থানার তত্কালীন ওসি মোয়াজ্জেম হোসেনসহ জেলা পুলিশের কিছু কর্মকর্তার গাফিলতির বিষয়টি বাহিনীর নিজস্ব তদন্তে উঠে এসেছে। ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও হয়েছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পিবিআই প্রধান বলেন, মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে করা আইসিটি মামলার তদন্ত কাজ শেষ হতে আরো কিছুটা সময় লাগবে। আদালতে তারা সময়ের আবেদন করেছে। তবে ইতোমধ্যে ওসি ও এসআইয়ের মোবাইল ফোন দুইটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।