বিপাকে!
প্রকাশ : ০৪ মার্চ ২০১৩, ২০:১৮
অভিনয় শিল্পীদের প্রায় অধিকাংশেরই ঢাকা সদর থেকে উত্তরায় বিভিন্ন শুটিং স্পটে ছুটতে হয়। তাই হরতালসহ বর্তমান এই অস্থিরতার কারণে সকলেই বিপাকে রয়েছেন। প্রত্যেককেই খুব সকালে বিকল্প পরিবহনে করে শুটিং স্পটে পৌঁছতে হচ্ছে। এদিকে নির্মাতারা ক্যামেরা, শুটিং ফ্লোরসহ সবকিছু চূড়ান্ত করে বসে থাকতে হচ্ছে কলাকুশলীদের জন্য। ফলে প্রতিদিনই এই ইন্ডাস্ট্রির বড় ধরনের ক্ষতি হচ্ছে। এর ভেতরে যারা একাধিক চ্যানেলে বিভিন্ন মেগাসিরিয়াল করছেন, তারা পড়ছেন আরও বিপাকে। কারণ রুটিন মেপেই তাদের প্রতিদিন যে করেই হোক শুটিং ফ্লোরে যেতে হচ্ছে। এ প্রসঙ্গে ছোটপর্দার প্রখ্যাত অভিনেত্রী তমালিকা কর্মকার বলেন, ‘বিভিন্ন চ্যানেলে আমার একাধিক টিভি নাটক প্রচার হচ্ছে, প্রতিদিন শুটিং করতে হচ্ছে। কিন্তু এই অবস্থায় আমরা সকলেই বিপাকে, অজানা এক আশঙ্কায়। সেদিন উপায়ান্তর না দেখে ভোর ৫টায় রওনা হলাম একটা অ্যাম্বুলেন্সসহ মাইক্রোবাসে। তারপরও আমাদের ড্রাইভার ভয়ে কাঁপছে। এই ভয়ের ভেতরে আর কতদিন।’ নিজের কাজের ব্যস্ততা প্রসঙ্গে তমালিকা বলেন, ‘অতি সম্প্রতি আমার দল আরণ্যকের ৪০ বছর পূর্তিতে বড় ধরনের অনুষ্ঠান হয়ে গেল, তাই এখন কিছুটা বিরতি। তবে ‘ইবলিশ’ নাটকটি যেহেতু আবার আমরা পুনরায় মঞ্চায়ন শুরু করেছি এটা ভালো লাগছে। পুরোনো অনেক শিল্পীদের সাথেই আবার একমঞ্চে কাজ করতে পারছি।’
এ ছাড়া ৩ চ্যানেলে তিনটি মেগাসিরিয়ালের পাশাপাশি খুব শিগগিরই ফাইজুল রিপন নামের এক তরুণ নির্মাতার একটি এক ঘণ্টার নাটকেও কাজ করছেন তিনি। এর বাইরে দীর্ঘদিন পর আবারও মামুনুর রশীদের পরিচালনায় আরও একটি ধারাবাহিকের কাজ শুরু করেছেন।