গোপনেই বিয়ে করলেন হিল্লোল-নওশীন

শুরু থেকেই নওশীন ও হিল্লোল তাদের প্রেমের বিষয় নিয়ে লুকোচুরি খেলছেন মিডিয়ার সঙ্গে। এক পর্যায়ে তাদের প্রেমের বিষয়টি ওপেন-সিক্রেট হয়ে ওঠে। পরবর্তীতে প্রেমের বিষয়টি স্বীকারও করেন তারা। বাকি ছিল বিয়ে। একাধিকবার আলোচনাও উঠেছিল তারা বিয়ে করতে চলেছেন। কিন্তু আসলে তা ঘটেনি। এরপর পেরিয়ে গেল প্রায় বছর খানেক। এবার ঠিকই বিয়ের কাজটি সেরে ফেললেন তারা। গত ১ মার্চ সন্ধ্যায় হিল্লোল ও নওশীন বিয়ের কাজটিও সেরে ফেলেন। মিরপুরের ১০ নম্বর সেক্টরের নওশীনের পিত্রালয় মালঞ্চতে এই বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়েতে শুধুমাত্র উভয় পরিবারের অভিভাবকরা উপস্থিত ছিলেন। একেবারেই ঘরোয়া আয়োজনে বিয়ের কাজটি সম্পন্ন করেন তারা। মিডিয়ার সহকর্মী ও কাছের বন্ধুদেরকেও তারা বিয়ের বিষয়টি জানাননি। উল্লেখ্য, এটি হিল্লোল ও নওশীন উভয়েরই দ্বিতীয় বিয়ে। এর আগে হিল্লোল সংসার করেছেন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিন্নির সঙ্গে, এবং নওশীন সংসার করেছেন পরিচালক ওয়াহিদ আনামের সঙ্গে।