বরগুনায় মামা হত্যাকারী স্কুল ছাত্র, কিশোর উন্নয়ন কেন্দ্রে
প্রকাশ : ০৪ মার্চ ২০১৩, ২০:২০
আমতলীতে একটি হত্যা মামলার আসামি এক স্কুলছাত্রকে রবিবার কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
আমতলী উপজেলার আলীরবন্দর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সবুজ (১৪) তার আপন মামার খুনের মামলার চার্জশিটভুক্ত আসামি ছিল। রবিবার সে আমতলীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে। আমতলীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সমাজকল্যাণ বিভাগের যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে সবুজকে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালে আমতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নের উত্তর ঝাড়াখালী গ্রামের মান্নান হাওলাদার খুন হয়। এ মামলায় পুলিশ মান্নান হাওলাদারের ভগ্নীপতি মো. আবুল হোসেন শিকদার, বোন তাসলিমা বেগম ও ভাগ্নে সবুজের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মঞ্জুরুল হাছান জানান, আদালতের নির্দেশে সবুজকে যশোরে পাঠানোর ব্যবস্থা নেয়া হয়েছে।