বিএনপি উস্কানি দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার কাজ বানচাল করতে বিএনপি জামায়াত-শিবিরকে উস্কানি দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সাধারণ জনগণের ওপর হামলা চালিয়ে দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টির ষড়যন্ত্র চালাচ্ছে। সরকারকে আন্তর্জাতিক মহলে হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টায় একের পর এক নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তিনি রবিবার বাগেরহাটের মংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের দিগরাজ রেজিঃ প্রাথমিক বিদ্যালয় ময়দানে ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন। সুন্দরবন ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম ইজারাদার-এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস আলী ইজারাদার, মংলা উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কুমার বিশ্বাস ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহমান। সম্মেলন শেষে ৬৫ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগ, ৩৭ সদস্য বিশিষ্ট মহিলা আওয়ামী লীগ, ৪১ সদস্য বিশিষ্ট আওয়ামী যুবলীগ এবং ৩১ সদস্য বিশিষ্ট ছাত্রলীগের ত্রিবার্ষিক কমিটি গঠন করা হয়।