ফরিদপুরে গণপিটুনিতে চরমপন্থি নিহত
চাটমোহর (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ০৪ মার্চ ২০১৩, ২০:২২
পাবনার চাটমোহর উপজেলার সীমান্তবর্তী ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের পাঁচুরিয়া মাঠে গতকাল সোমবার গণপিটুনীতে নিহত হয়েছে চরমপন্থি দল নকশালের আঞ্চলিক নেতা সাদেক আলী (৩০)। সে দড়িপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক ওরফে বিপদের ছেলে। অপরদিকে এলাকাবাসী কালিকাপুর গ্রামের নকশাল নেতা আব্দুল আজিজের ছেলে হোসেন আলী প্রাং (২৭)কে গণপিটুনী দিয়ে চাটমোহরের শরত্গঞ্জ পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেছে। এছাড়াও এলাকাবাসী কথিত চরমপন্থি দল বাহিনীর নেতা হাদল গ্রামের হজরত আলী, খেতাভাগা গ্রামের হাবিবুর রহমানের বাড়িসহ ৫/৬ জনের বাড়িঘর ভাংচুর করেছে। এ সময় বাহিনীর নেতারা পালিয়ে যায়। এলাকাবাসী জানান, চরমপন্থি ও কথিত বাহিনীর অত্যাচারে তারা অতিষ্ঠ। চাঁদাবাজীসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত তারা। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী জোটবদ্ধ হয়ে সন্ত্রাসীদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে। একাধিক সূত্র জানায়, চাঁদাবাজী করতে গিয়েই সাদেক আলী ও হোসেন আলী গণপিটুনীর শিকার হয়েছে।