কাশিয়ানীতে সড়কের মরা গাছ এখন মরণ ফাঁদ

কাশিয়ানী উপজেলার কুমারিয়া কাশিয়ানী সড়কের ছোটখারকান্দি পূর্বপাড়া হতে পদ্মবিলা বাজার পর্যন্ত দুই পাশে মরা শিশু গাছ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ১৯৮৭ সালে রাস্তাটির মাটির কাজ সম্পন্ন হলে এল.জি.ডি তত্ত্বাবধানে রাস্তার দু’পাশে শিশু গাছ লাগানো হয়। সার্বিক যত্নে অল্পদিনে গাছগুলো ব্যবহার উপযোগী হয়ে ওঠে। তবে ৪/৫ বছর পূর্ব থেকে ঐ গাছগুলো মারা যায়। কর্তৃপক্ষের সার্বিক তদারকি না থাকায় বিভিন্ন সময়ে মরা গাছসহ তাজা গাছও রাতের আঁধারে চুরি হয়ে যাচ্ছে। অন্যদিকে মরা গাছগুলো দৈত্যের মত রাস্তার দু’পাশে দাঁড়িয়ে রয়েছে। মাঝে-মধ্যে ঝড়-বৃষ্টি হলে মরা গাছ ভেঙ্গে পড়ে গিয়ে রাস্তার চলাচল বন্ধ হয়ে যায় । কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল লতিফ বলেন, গাছের মালিকানা সংক্রান্ত ঝামেলা থাকায় মরা গাছ বিক্রি করতে দেরি হচ্ছে। রাস্তাটি আসলেই মারাত্মক ঝুঁকিপূর্ণ। অল্প সময়ের মধ্যেই এ গাছগুলো বিক্রির টেন্ডার আহবান করা হবে।