করাচিতে বোমা হামলায় নারী ও শিশুসহ ৪৫ নিহত
প্রকাশ : ০৪ মার্চ ২০১৩, ২০:৩২
পাকিস্তানের করাচিতে রবিবার বোমা বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ৪৫জন নিহত এবং প্রায় ১৫০জন আহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশ ও কর্মকর্তারা। হামলার দায় কেউ স্বীকার করেনি। পুলিশ ইন্সপেক্টর জেনারেল ফায়াজ লেঘারি বলেন, কোনো আত্মঘাতী বোমা হামলাকারী হামলাটি চালিয়ে থাকতে পারে। আব্বাস শহরের শিয়া মুসলিম অধুষ্যিত এলাকায় একটি মসজিদের কাছে সন্ধ্যায় এ বোমা হামলা হয়। কাদেরকে লক্ষ্য করে হামলাটি হয়েছে তাত্ক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় নারী ও শিশুসহ অনেকে নিহত এবং আহত হয়। এতে কয়েকটি ভবন বিধ্বস্ত হয়েছে এবং অন্যান্য ভবনে আগুন ধরে গেছে। কয়েকটি প্রতিবেদনে দ্বিতীয় আরেকটি বিস্ফোরণের কথাও বলা হয়েছে। বিস্ফোরণের পর করাচির আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায় এবং নগরীর কিছু অংশ বিদ্যুত্সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর ফলে গ্যাস বিস্ফোরণেরও খবর পাওয়া যায়। বাড়িঘরের ধ্বংসস্তূপের মধ্য থেকে মানুষজনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকর্মীরা। নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
জানা যায়, বিস্ফোরণের পর চারদিকে শুধু লাশ আর আব্বাস শহরটি যেন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়। ঘনবসতিপূর্ণ শহরটিতে ৩০ থেকে ৪০টির মত এপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়। তবে কোয়েটা হামলার সাথে জড়িত লস্কর-ই-জঙ্গভি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলাটি আত্মঘাতী হামলা না কি কোথাও বোমা পেতে রাখা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। পাকিস্তানে শিয়া সংখ্যালঘুরা প্রায়ই সুন্নি জঙ্গি গ্রুপগুলোর হামলার শিকার হয়ে আসছে। গত মাসে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটায় শিয়া এলাকায় বোমা হামলায় ২০০ জন নিহত হয়।