বাসায় পুলিশ মোতায়েন

সুলতানা কামালকে হত্যার হুমকি

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামালসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দিয়েছে একটি জঙ্গি সংগঠন। সুলতানা কামাল তাকে হুমকির বিষয়টি পুলিশের আইজিকে অবগত করে তার নিরাপত্তা প্রদানের জন্য অনুরোধ করেছেন। তার এই আবেদনটিই শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

আইজিপি’র কাছে করা আবেদনে সুলতানা কামাল জানিয়েছেন, আন্তর্জাতিক জঙ্গি সমর্থিত অনলাইনভিত্তিক পত্রিকা ‘লোন উলফ’ মার্চ-২০১৯ সংখ্যায় তাকেসহ      লেখক সাংবাদিক শাহরিয়ার কবির ও অধ্যাপক মুনতাসির মামুনকে কীভাবে হত্যা করতে হবে, এজন্য কি ধরনের প্রস্তুতি ও সতর্কতা প্রয়োজন, এসব বিষয়ে বিস্তারিত বলা হয়েছে, যা উদ্বেগজনক।

সুলতানা কামাল আবেদনে আরো জানিয়েছেন, মানবাধিকার কর্মী হিসেবে তার নিরাপত্তার ব্যাপারে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে এ বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো জানতে চেয়েছে। তিনি ওই আবেদনে আরো বলেছেন, আশাকরি জঙ্গি মৌলবাদী সন্ত্রাসীদের হত্যার তালিকাভুক্ত অন্যান্য বুদ্ধিজীবী ও বিশিষ্ট নাগরিকদের নিরাপত্তা প্রদানে সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে তার ক্ষেত্রেও একই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

জিডির ব্যাপারে ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. আব্দুল্লাহ হিল কাফী ইত্তেফাককে জানান, হুমকির বিষয়টি উল্লেখ করে সুলতানা কামাল থানায় একটি জিডি করেছেন। এরপরই ধানমন্ডির ৩২ নম্বর সড়কে তার বাসায় নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। তার হুমকির বিষয়টি ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটকে জানানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।