নান্দাইলে মাধ্যমিক শিক্ষার্থীরা বই পায়নি
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ০৪ মার্চ ২০১৩, ২০:৪৬
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের বই সংকট রয়েই গেছে। বিশেষ করে ষষ্ঠ ও নবম শ্রেণির শিক্ষার্থীরা বই সংকটে বেশি ভুগছে। গত দু’মাস ধরে বিদ্যালয়গুলোতে এ অবস্থা বিরাজ করছে বলে ভুক্তভোগী শিক্ষার্থী ও শিক্ষকরা জানিয়েছেন।
এ উপজেলায় ৩৬টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। বিদ্যালয়গুলোতে যোগাযোগ করে জানা গেছে, বই সংকটের কারণে বিভিন্ন বিষয়ে পাঠদান দু’মাসেও শুরু করা যায়নি। নান্দাইল উপজেলা সদরের চন্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাজিরউদ্দিন আহমেদ বলেন, তাঁর বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ইসলাম শিক্ষা,সপ্তম শ্রেণির সাধারণ গণিত ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, শারীরিক শিক্ষা, অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয়পত্র, নবম শ্রেণির বাংলা সহপাঠ, ইংরেজি দ্বিতীয়, ব্যবসায় উদ্যোগ, হিসাব বিজ্ঞান ও কম্পিউটার শিক্ষা বিষয়ের বইয়ের সংকট রয়েছে।
উদং মধুপুর বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে সাধারণ বিজ্ঞান ও শারীরিক শিক্ষা, অষ্টম শ্রেণিতে ইংরেজী প্রথমপত্র, নবম শ্রেণিতে হিসাব বিজ্ঞান ও উচ্চতর গণিত বিষয়ের বই সংকট রয়েছে। কিসমত বনগ্রাম বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির সাধারণ বিজ্ঞান, সপ্তম শ্রেণির সাধারণ ইসলাম ধর্ম, নবম শ্রেণির হিসাব বিজ্ঞান, সিংদই বিদ্যালয়ে নবম শ্রেণির সাধারণ বিজ্ঞান ও অষ্টম শ্রেণির সাধারণ বিজ্ঞান বিষয়ের পাঠ্য বইয়ের সংকট রয়েছে।
বই সংকটের কারণ জানতে চাইলে নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজাদুর রহমান ভুঁইয়া ইত্তেফাককে জানান, বিদ্যালয়গুলোতে বেশি সংখ্যক শিক্ষার্থী ভর্তি হয়েছে বলে বইয়ের সংকট সৃষ্টি হয়েছে।