ডিমলায় ন্যাশনাল সার্ভিস কার্যক্রমের উদ্বোধন

নীলফামারীর ডিমলায় রবিবার উপজেলা অডিটোরিয়ামে ন্যাশনাল সার্ভিস প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এ কার্যক্রমের অধীনে এক হাজার বেকার যুবক-যুবতী ২ বছর মেয়াদি চাকরির সুবিধা পাচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের রংপুর বিভাগের ৭ জেলার ৮ উপজেলায় ন্যাশনাল সার্ভিস কার্যক্রমের উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় ডিমলা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন সরকার। ডিমলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে সুযোগ পাওয়া ২ হাজার ৩৫১ জন বেকার যুবক-যুবতীর মধ্যে প্রথম পর্যায়ে ১ হাজার বেকার যুবক-যুবতীর ভাতা প্রদানের জন্য ১ কোটি ১৫ লক্ষ ৭৯ হাজার ৫’শ টাকা ও প্রশিক্ষণ ব্যয় বাবদ ২ লক্ষ ৫৭ হাজার ২শ’ ৯০ টাকার বরাদ্দ আসে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১২ সালের ১৯ জানুয়ারি ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে ডিমলা উপজেলার ১০টি ইউনিয়ন থেকে বেকার ২ হাজার ৭৭৪ জন আবেদন করেন। পরে যাচাই-বাছাই শেষে ২ হাজার ৩৫১ জনকে প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বোরহান রশিদ জানান, সুবিধাভোগী ২৩৫১ জনের মধ্যে পুরুষ ১ হাজার ৫২৩ এবং নারী ৮২৮ জন। বয়সের অনুপাতে প্রথম দফায় এক হাজার জনকে চাকরির জন্য মনোনীত করা হয়েছে। অবশিষ্টদের আগামী ২ জুন প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়েছে। প্রশিক্ষণ উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ন্যাশনাল সার্ভিস বাস্তবায়ন কমিটির সভাপতি আবু রাফা মোহাম্মদ আরিফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বোরহান রশিদ, থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সলিমুল্ল¬াসহ সকল ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।