হবিগঞ্জে চান মিয়ার পরিবার আজো ক্ষতিপূরণ পায়নি

শাহজিবাজার বিদ্যুত্ উত্পাদন কেন্দ্রে মেরামত চলাকালে দুর্ঘটনায় নিহত চান মিয়ার পরিবার আজও ক্ষতিপূরণ পায়নি। দুর্ঘটনাকালে চান মিয়া বিদ্যুত্ উত্পাদন কেন্দ্রে একজন সাহায্যকারী হিসাবে কর্মরত ছিলেন। গত ২৬ বছরে নিহত চান মিয়ার পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বারবার আবেদন করেও কোন সাহায্য-সহযোগিতা পাননি। জানা যায়, ১৯৮৬ সালে ৮ মার্চ শাহজিবাজার বিদ্যুত্ উত্পাদন কেন্দ্রে মেরামত কাজ চলাকালে ওসিআর বিস্ফোরিত হয়ে মেরামত কাজে নিয়োজিত সদর উপজেলার নূরপুর ইউনিয়নের চানপুর গ্রামে মৃত হোসেন আলীর পুত্র চান মিয়া গুরুতর আহত হন। তাকে চিকিত্সার জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পর ৯ মার্চ তিনি মারা যান। দুর্ঘটনার পর মৃত চান মিয়ার স্ত্রী রিনা বেগম, ২ শিশুপুত্র ও প্রতিবন্ধী একমাত্র কন্যাসন্তানকে নিয়ে সংশ্লিষ্ট বিভিন্নজনের নিকট সাহায্য প্রার্থনা করেন। একপর্যায়ে শাহজিবাজার বিদ্যুত্ উত্পাদন কেন্দ্রের প্রকৌশলী চন্ডি প্রসাদ রায় নিহত চান মিয়ার পরিবারকে ১০ হাজার টাকার একটি চেক প্রদান করেন। কিন্তু এরপর কেটে গেছে অনেকদিন। পরিবারের সদস্যরা উপযুক্ত ক্ষতিপূরণের জন্য বিভিন্নজনের নিকট ধর্ণা দিলেও বিদ্যুত্ উন্নয়ন বোর্ড আবেদন মানবিক দিক বিবেচনা না করে মৃত চান মিয়া বিদ্যুত্ উত্পাদন কেন্দ্রে নিয়মিত কর্মচারী নয় উল্লেখ করে বিষয়টি এড়িয়ে গেছে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে দিশেহারা পরিবারটির সদস্যরা স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহিরের নিকট আবেদন করলে তিনি মানবিক কারণে বিবেচনার জন্য জোর সুপারিশ করলে আবেদনটি বিদ্যুত্ উন্নয়ন বোর্ড কর্তৃক বরাবরে পাঠানো হলেও আজ পর্যন্ত এর কোন ফলোদয় হয়নি।