আজ যাচ্ছেন ভারতের রাষ্ট্রপতি
নিরাপত্তার চাদরে ঢেকে
ফেলা হয়েছে কুমুদিনী
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদতা
প্রকাশ : ০৪ মার্চ ২০১৩, ২১:২৭
আজ মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আগমনকে কেন্দ্র করে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্স নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। পুরো কুমুদিনী কমপ্লেক্স নানা সাজে সজ্জিত করা হয়েছে। রাষ্ট্রপতিকে বিনম্র শ্রদ্ধা জানাতে কুমুদিনী কর্তৃপক্ষ গতকাল সোমবার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে কুমুদিনী হাসপাতালের পরিচালক ও মুখপাত্র ডা. দুলালচন্দ্র পোদ্দার জানান। এদিকে রাষ্ট্রপতির আগমনের খবর সংগ্রহের জন্য স্থানীয় ও জেলা পর্যায়ের কোন সাংবাদিক গতকাল পর্যন্ত অনুমতি পাননি। এ ব্যাপারে টাঙ্গাইল জেলা প্রশাসক (এনডিসি) শাহ মো. কামরুল হুদা এবং মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না পাওয়ায় সাংবাদিকদের সংবাদ সংগ্রহের অনুমতি দেয়া যাচ্ছে না।
রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে নিরাপত্তায় যেন কোন প্রকার ত্রুটি না হয় সেজন্য প্রতিনিয়তই পুলিশ, র্যাব, এনএসআই, ডিজিএফআই ও জেলা প্রশাসনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা মতবিনিময় সভা করে যাচ্ছেন। রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে থাকবেন তার সহধর্মিণী শুভ্রা মুখার্জি, চারজন লোকসভার সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পংকজ শরণ, ডেপুটি হাইকমিশনার মি. সন্দ্বীপ চক্রবর্তী, ফার্স্ট সেক্রেটারি মি. আর মাসাকুই এবং অন্যান্য কর্মকর্তা। রাষ্ট্রপতির নিরাপত্তার কাজে নিয়োজিত সেনাবাহিনীর বিশেষ একটি ইউনিট গতকাল সকালে মির্জাপুরে এসে অবস্থান করছেন।