জামায়াত-শিবিরের নৈরাজ্য রুখতে সিপিবি-বাসদ জোটের আহবান

জামায়াত-শিবিরের সন্ত্রাস-নৈরাজ্য ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সোমবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিপিবি-বাসদ জোট। সিপিবি-বাসদ জোটের প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ জামায়াত-শিবিরের তাণ্ডবের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, জামায়াত-শিবির ’৭১ সালের মতো গণহত্যা শুরু করেছে। তারা গৃহযুদ্ধের ঘোষণা দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি, ধর্মীয় উপাসনালয় জ্বালাও-পোড়াও-হামলা-ভাঙচুর করছে। তাই পাড়ায়-মহল্ল¬ায় জামায়াত-শিবিরের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলে এই তাণ্ডব ও ধ্বংসের হাত থেকে জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সাথে তারা জামায়াত-শিবিরের রাজনীতি আইন করে নিষিদ্ধ করারও আহ্বান জানান। প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লাবলু ও বাসদ নেতা খালেকুজ্জামান লিপন, বাসদের কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, সিপিবি’র কেন্দ্রীয় নেতা মাহাবুব আলম, ডা. ফজলুর রহমান, অনিরুদ্ধ দাশ অঞ্জন, কাজী রুহুল আমিন, জলি তালুকদার প্রমুখ।