সিলেটের পল্লীতে যুবলীগ নেতার বাড়িতে ‘লেগুনা’য় আগুন, ককটেল বিস্ফোরণ
প্রকাশ : ০৪ মার্চ ২০১৩, ২২:৪৫
সিলেটের সীমান্তবর্তী কোমপানীগঞ্জের পল্লীতে যুবলীগ নেতা চান মিয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণ ও ‘লেগুনায়’ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুন নেভানোর সময় ককটেল বিস্ফোরণে চান মিয়ার বোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাজিয়া আক্তার (২৬) এবং ভাগ্নী এমি (৮) আহত হন। তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রবিবার গভীর রাতে দুর্বৃত্তরা প্রথমে যুবলীগ নেতা চান মিয়ার বাড়িতে রাখা লেগুনায় আগুন দেয়। এরপর ককটেলের বিস্ফোরণ ঘটে। পশ্চিম ইসলামপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক চান মিয়া জানান, রবিবার রাত দেড়টার দিকে স্থানীয় বটেরতল গ্রামে তার বাড়িতে রাখা একটি লেগুনায় আগুন দেয় দুর্বৃত্তরা। তার বোন বাইরে বেরিয়ে আগুন দেখতে পান। লোকজন জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটলে তার বোন সৈয়দ শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাজিয়া আক্তার এবং ভাগ্নী এমি আহত হন।