জামায়াতকে খুশি করতে প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেননি খালেদা :নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, জামায়াতকে খুশি করতেই বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন খালেদা জিয়া। বিরোধী দলীয় নেত্রীর এই সিদ্ধান্ত রাজনৈতিক ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং কাণ্ডজ্ঞানহীন। ভারতের মতো একটি বৃহত্ গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানকে অসম্মান করার মাধ্যমে তিনি মহান মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী জামায়াতকে সন্তুষ্ট করতে সক্ষম হলেও দেশের মানুষ খুশি হয়নি। কারণ এর মাধ্যমে তিনি দেশের ভাবমূর্তি ভূলুণ্ঠিত করেছেন। বাংলাদেশে আতিথেয়তার ঐতিহ্য নষ্ট করেছেন। গতকাল সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে ব্রিফিংয়ে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। বৈঠকে গত কয়েকদিনে সারাদেশে জামায়াত-শিবিরের তাণ্ডবের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে ১৪ দল। এই কর্মসূচির মধ্যে রয়েছে আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার ঢাকাসহ সারা দেশের প্রতিটি জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। একইসঙ্গে আজ থেকে আলেম-ওলামা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, সাংবাদিক, শিক্ষক ও আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে ১৪ দল মতবিনিময় করবে। এছাড়া পূর্বঘোষণা অনুযায়ী ৯ মার্চ ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ১৪ দলের নেতা-কর্মীদের এই কর্মসূচিতে অংশ নিয়ে পাড়া-মহল্লায় জনগণকে সচেতন করে তোলা এবং জামায়াত-শিবিরের তাণ্ডব প্রতিরোধে সজাগ থাকার আহ্বান জানান মোহাম্মদ নাসিম। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, গত কয়েকদিনে জামায়াত-বিএনপি জোট চট্টগ্রাম, বগুড়া, গাইবান্ধা, সাতক্ষীরা ও নোয়াখালীর যেসব স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর তাণ্ডব চালিয়েছে ১৪ দলের প্রতিনিধিরা ঢাকা থেকে সেসব স্থান পরিদর্শনে যাবেন এবং সেখানে ক্ষতিগ্রস্ত সাধারণ জনগণের পাশে দাঁড়াবেন। মোহাম্মদ নাসিম বলেন, গত কয়েকদিনে সারা দেশে যে ঘটনা ঘটেছে, তাতে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা সঠিক ছিল। আত্মরক্ষার্থে ও জনগণের জানমালের নিরাপত্তায় তারা প্রয়োজনে আরও কঠোর হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরেকটু কৌশলী হওয়ার আহ্বান জানান তিনি। বৈঠকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ উল আলম লেনিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, গণতন্ত্রী পার্টির নুরুর রহমান সেলিম, গণআজাদী লীগের হাজী আব্দুস সামাদ, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম প্রমুখ উপস্থিত ছিলেন।ৃ