শুক্রবার দেশজুড়ে মসজিদ থেকে ইসলামী দলগুলোর বিক্ষোভ
প্রকাশ : ০৪ মার্চ ২০১৩, ২২:৪৭
অবিলম্বে দেশব্যাপী গণহত্যা বন্ধ, শুক্রবারের মধ্যে বায়তুল মোকাররম উত্তর গেট উন্মুক্ত করে দেয়া এবং শাহবাগের ব্লগারদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ইসলামী দলগুলো। গতকাল সোমবার দলগুলোর পক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আগামী শুক্রবার দেশব্যাপী মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচিতে সরকার বাধা দিলে হরতালসহ কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুমকি দেয়া হয়েছে।
ইসলামী দলগুলোর প্রধান সমন্বয়কারী বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ রাজধানীর কামরাঙ্গীর চর মাদরাসায় সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচি দেন।
মাওলানা আশরাফ বলেন, সরকার ‘দেলু রাজাকারের’ অপরাধ মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ওপর চাপিয়ে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করে দেশের বিচার ব্যবস্থাকে কলুষিত করেছে। তিনি বলেন, গণবিচ্ছিন্ন সরকার কয়েকদিন যাবত্ দেশব্যাপী পৈশাচিক গণহত্যা চালিয়ে যাচ্ছে। অথচ মিডিয়ায় বলছে এটা নাকি জামায়াত-শিবিরের তাণ্ডব। তিনি মিডিয়াকে সঠিক খবর পরিবেশন করার আহবান জানিয়ে বলেন, এই জালিম সরকার হিন্দুদের বাড়িতে তাদের লোক দিয়ে হামলা চালিয়ে অন্যদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। কিন্তু এই চেষ্টায় তারা কামিয়াবি হতে পারবে না।
তিনি বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমকে তালাবদ্ধ করে একটি গোষ্ঠীর রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের আখড়ায় পরিণত করার চেষ্টা চালানো হচ্ছে। শুক্রবারের মধ্যে বায়তুল মোকাররমের সব গেট উন্মুক্ত করে দিতে হবে।
সম্মেলনে মাওলানা আশরাফের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ। উপস্থিত ছিলেন খেলাফতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসনাত আমিনী, খেলাফত আন্দোলনের আনিসুর রহমান জিন্নাহ, নেজামে ইসলাম পার্টির অধ্যাপক আব্দুল করিম, খেলাফত আন্দোলনের মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, ইসলামী ঐক্যজোটের মাওলানা আহলুল্লাহ ওয়াসেল, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা শেখ মুজিবুর রহমান, ইসলামী ঐক্যজোটের মাওলানা আহমদ আলী কাসেমী, খেলাফত আন্দোলনের মাওলানা ফখরুল ইসলাম, সুলতান মুহিউদ্দিন, মাওলানা আনিসুর রহমান।