জনপ্রতিনিধিদের কাছে প্রতিমন্ত্রী নানকের এসএমএস

সারাদেশের সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে জনপ্রতিনিধিদের মাঠে নামার আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। গতকাল সোমবার দুপুর একটায় মুঠোফোনে ক্ষুদে বার্তায় দেশের সকল উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এ বার্তা পাঠান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক। নানক তার ক্ষুদে বার্তায় বলেন, ‘প্রিয় সহকর্মী আইন-শৃংখলা নিয়ন্ত্রণে, সামপ্রদায়িক সমপ্রতি রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধান জনপ্রতিনিধি হিসাবে আপনার অন্যতম কর্তব্য। দায়িত্ব পালনে আন্তরিক ও সক্রিয় হবার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি’। এছাড়া গতকাল স্থানীয় সরকার বিভাগ থেকে আলাদা একটি চিঠিতে দেশের সকল উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং নারী সদস্যদের উদ্দেশে বলা হয়েছে যে, উন্নয়নমূলক কার্যক্রম বাস্তায়নে গতিশীলতা আনা, আইন- শৃংখলা রক্ষায় ভূমিকা পালনসহ অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। উপজেলা চেয়ারম্যানদের ইচ্ছামত এলাকা ত্যাগ করার প্রবণতা থাকায় এ চিঠি দেয়া হয়েছে বলে স্থানীয় সরকার বিভাগ থেকে বলা হয়েছে। অপরদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ সকল চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে পাঠানো ক্ষুদে বার্তায় সংশ্লিষ্ট এলাকার সামাজিক নিরাপত্তা সুরক্ষায় সামাজিক দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছেন। তিনি সকল চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সার্বক্ষণিক কর্মস্থলে থেকে স্থানীয় প্রশাসনকে দিকনির্দেশনা দেয়াসহ সংিসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।