সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার নিন্দায় খালেদা জিয়া
প্রকাশ : ০৪ মার্চ ২০১৩, ২২:৪৯
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গতকাল এক বিবৃতিতে বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও উপসনালয়ে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, ব্যর্থ ও গণবিচ্ছিন্ন হয়ে পেশী ও অস্ত্রশক্তির ওপর নির্ভরশীল সরকারের ফ্যাসিবাদী নির্যাতন-নিপীড়ন এবং নির্বিচার হত্যাকান্ডের বিরুদ্ধে দেশব্যাপী সর্বস্তরের সাধারণ মানুষ যখন ফুঁসে উঠে প্রতিরোধের লড়াই শুরু করেছে, সেই মুহূর্তে বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও উপসনালয়ে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজের বেশ কয়েকটি ঘটনার কথা আমরা জানতে পেরেছি। এদেশের মানুষ ধার্মিক কিন্তু সাম্প্রদায়িক নয়। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ধর্মের মানুষ আবহমানকাল থেকে এদেশে পাশাপাশি শান্তিতে বসবাস করে আসছে। কিন্তু বিভিন্ন সময় গণবিচ্ছিন্ন শাসকেরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে জনগণের আন্দোলনকে বিপথগামী করার অপচেষ্টা চালিয়েছে। স্বৈরশাসকদের এহেন ঘৃণ্য তত্পরতাকে নস্যাত্ করে দিয়ে অতীতে আমরা জনগণের আন্দোলনকে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছি। এবারেও তার ব্যত্যয় ঘটবে না ইনশাআল্লাহ্। আমি কঠোর হাতে এই অপতত্পরতা দমনের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, আলেম ওলামাসহ ধর্মপ্রাণ নাগরিকবৃন্দ এবং দেশের সর্বস্তরের জনসাধারণের উদ্দেশ্যে বলেন, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপসনালয়, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল স্থাপনাকে যে-কোনো আক্রমণ থেকে রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন। দেশের কোথাও কোনো কুচক্রি মহলের উস্কানিতে ধর্মীয় সংখ্যালঘু ভাইবোনদের জীবন, সম্পদ ও সম্মান যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে ব্যাপারে আপনারা সজাগ থাকুন।
তিনি বলেন, ইতিমধ্যে যে কয়েকটি দুঃখজনক ঘটনা ঘটেছে, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে সেসবের জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে উপযুক্ত বিচার এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।
সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, এ ধরনের ঘৃণ্য তত্পরতার ব্যাপারে কোনো পূর্বধারণার বশবর্তী কিংবা মহলবিশেষের প্রচারণায় বিভ্রান্ত না হয়ে প্রকৃত ঘটনা জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরুন। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে সহায়তা করুন। আমি সংশ্লিষ্ট সকল মহলকে এই আত্মঘাতি ঘৃণ্য তত্পরতা থেকে বিরত থাকতে বলছি। সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে শান্তি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে সফল করার আহ্বান জানাচ্ছি।