একাত্তরের মতোই ধর্মীয়
সংখ্যালঘু পরিবারকে
টার্গেট করা হয়েছে
প্রকাশ : ০৪ মার্চ ২০১৩, ২২:৫০
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর থেকে গতকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সমপ্রদায়ের অর্ধশতাধিক উপাসনালয়ে হামলা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক পরিবার ও ব্যক্তি। দেড় হাজারের বেশি বাড়িঘরে হামলা করে জ্বালিয়ে দেয়া হয়েছে অথবা ভাঙচুর করা হয়েছে। ধর্মীয় সংখ্যালঘু সমপ্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ, নির্যাতন, লুটপাট ও মঠ-মন্দির ধ্বংসের প্রতিবাদে গতকাল সোমবার বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২ ফেরুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশ দেয়ার পর সারা দেশে মহলবিশেষ অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে। উদ্বেগের বিষয় হচ্ছে, এই অরাজক পরিস্থিতি তৈরিতে একাত্তরের মতোই ধর্মীয় সংখ্যালঘু পরিবারকে বিশেষভাবে টার্গেট করা হয়েছে।
রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের মিলনায়তনে যৌথ সংবাদ সম্মেলনে সরকারের প্রতি পাঁচটি দাবি জানানো হয়। দাবিগুলো হচ্ছে বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারের সমন্বয়ে সামপ্রদায়িক সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপ নেয়া, সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনা, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করে পুনর্বাসনের ব্যবস্থা করা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত উপাসনালয়গুলো পুনর্নির্মাণ এবং ২০০১ সালের নির্বাচনের পর সংখ্যালঘুদের নিপীড়নের ঘটনা তদন্তে শাহাবউদ্দিন চপপু কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাসগুপ্ত। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নোয়াখালী, সাতক্ষীরাসহ বেশ কিছু জেলায় চার দিন ধরে একটানা একতরফা সামপ্রদায়িক সহিংসতা চালানো হচ্ছে। এই সংকটকালে দুই-একটি ব্যতিক্রম বাদে সংশ্লিষ্ট এলাকায় এমপিসহ জনপ্রতিনিধিদের দেখা যায়নি। এ অবস্থায় ২০১৪ সালের নির্বাচন সামনে রেখে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য ভয়াবহ দিন অপেক্ষা করছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
লিখিত বক্তব্য পাঠ করার আগে পূজা কমিটির সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ সহিংস ঘটনাগুলোর চিত্র তুলে ধরেন। আরো উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য সুব্রত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল রোজারিও প্রমুখ।
সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ এবং পূজা উদযাপন পরিষদ আগামীকাল বুধবার বিকাল ৪টায় ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে।