আজ শিলাইদহে যাচ্ছেন প্রণব

বাংলাদেশে সফররত ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার শিলাইদহে কবিগুরু রবীন্দ নাথ ঠাকুরের স্মৃতিধন্য কুঠিবাড়ি পরিদর্শনে আসছেন। ভারতের রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে কুঠিবাড়িকে নতুন সাজে সাজানো হয়েছে। পাশাপাশি তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানান, ভারতের রাষ্ট্রপতি টাঙ্গাইল থেকে হেলিকপ্টারযোগে দুপুর ৩টা ৪০ মিনিটের সময় শিলাইদহের কুঠিবাড়ির অদূরে আলাউদ্দিন নগরের মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবেন। এরপর তিনি গাড়িতে উঠে সড়কপথে প্রায় পাঁচ কিলোমিটার পথ অতিক্রমের পর বিকাল ৪টায় কবিগুরু রবীন্দ নাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুঠিবাড়িতে পৌঁছবেন। তিনি কুঠিবাড়িতে আধঘণ্টা সময় অবস্থান করবেন। এ সময় ভারতের রাষ্ট্রপতি কুঠিবাড়ি পরিদর্শন এবং কুঠিবাড়ির পশ্চিমপাশে অবস্থিত পুকুরঘাটের পাশে একটি বকুল ফুলের চারা রোপণ করবেন। পরে তিনি কুঠিবাড়ি চত্বরের ‘গীতাঞ্জলি’ রেষ্ট হাউজে অল্প কিছুক্ষণ অবস্থানের পর কুষ্টিয়া ত্যাগ করবেন। ভারতের রাষ্ট্রপতির সাথে তাঁর স্ত্রী শুভ্রা মুখার্জি ও সে দেশের কয়েকজন পার্লামেন্ট সদস্য থাকবেন। কবিগুরু রবীন্দ নাথ ঠাকুরের নানা রচনার সঙ্গী ও স্মৃতিমাখা নিভৃতপল্লী শিলাইদহের কুঠিবাড়িতে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আগমনকে ঘিরে উত্সবমুখর পরিবেশ রিবাজ করছে। পাশাপাশি এলাকার মানুষের মধ্যেও সৃষ্টি হয়েছে বেশ উত্সাহ-উদ্দীপনা।