চট্টগ্রামে শিবিরের হিটলিস্টে দশ আলেম

চট্টগ্রামে আটক ৮ শিবির কর্মীর কাছ থেকে ১০ আলেম-ওলামার নাম লেখা একটি হিটলিস্ট জব্দ করেছে পুলিশ। গতকাল সোমবার তাদের নগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। আটকরা পুলিশের কাছে স্বীকার করেছে যে, ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মন্তব্য করায় ওই ১০ ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে তালিকাটি তৈরি করা হয়। নগরীর পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস জানান, ওই তালিকায় জেলার বিশিষ্ট আলেম-ওলামাদের নাম রয়েছে। এরা হলেন, স্থানীয় জামেয়া আহমদীয়া সুন্নীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা জালালউদ্দিন আল কাদেরী, একই প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা আশরাফুজ্জামান আল কাদেরী, মাহমুদুল হাসান, ওবায়দুল হক, জয়নাল আবেদীন জুবায়ের, সগীর আহমেদ ওসমানী, ওসিউর রহমান, আবুল কাশেম নূরী, আবদুল ওয়াজেদ ও মুফতি ইউনুস তাওহীদ। গতকাল নগরীর পাঁচলাইশ থানার বিবিরহাট শ্যামলী আবাসিক এলাকায় এক মাদ্রাসা শিক্ষককে খুঁজতে যাওয়ার পর এক শিবির কর্মীকে আটক করে পুলিশ। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে আরও ৭ জনকে আটক করা হয়। আটক শিবির কর্মীরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল বলে জানিয়েছে পুলিশ।