যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে যুক্তরাষ্ট্রে এমপি মনি’র গণসংযোগ

বরিশাল-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম মনি গত একমাস যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ও অঙ্গরাজ্যে বাংলাদেশি কমিউনিটিতে অনুষ্ঠিত সভা-সেমিনারে অংশ নেন। তিনি ৭১’র যুদ্ধাপরাধীদের বিচারে বিদেশি ও প্রবাসী বাঙালিদের সমর্থন লাভের উদ্যোগ হিসাবে এসব সভা-সেমিনার করেন। তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ভার্জিনিয়া, মেরী ল্যান্ড, নিউইয়র্ক, মায়ামী, ফ্লোরিডা ও অরল্যান্ডোসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সভা-সেমিনারে অংশগ্রহণ করে যুদ্ধাপরাধীদের বিচার, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করে মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত অসামপ্রদায়িক, প্রগতিশীল স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় তার পত্নী বানারীপাড়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বেগম রাজিয়া ইসলাম ও কনিষ্ঠ তনয় এজাজুল ইসলাম নয়ন উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি বলেন, সারা বিশ্বে মায়ের মুখের ভাষার জন্য একমাত্র বাঙালি জাতি রক্ত দিয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন। প্রসঙ্গত মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম মনি ৯ নং সেক্টরে সেক্টর কমান্ডার মেজর জলিলের সহযোদ্ধা হিসাবে, তার ভাই মোঃ জাহিদুল ইসলাম জামি ২ নং সেক্টরে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর সহযোদ্ধা হিসাবে ও মোঃ মইদুল ইসলাম চুনি ঢাকার নরসিংদী এলাকায় আব্দুল মান্নান ভুঁইয়ার সহযোদ্ধা হিসাবে ৭১’র মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন।