দুরন্ত শৈশব
প্রকাশ : ০৫ মার্চ ২০১৩, ১৮:০১
একটা ছায়া পরম মায়ায়
থাকছে আমায় ঘিরে-
ককখনও সে হয় না বড়ো
যায় না কোথাও ফিরে।
আমার সাথে গল্পে মাতে
যাই যেখানে সাথে সাথে
চলছে আপন মনে-
হঠাত্ হঠাত্ ভেতরটাকে
নাড়ায় আলোড়নে!
তার দু’হাতে
জোছনা রাতে
কল্পলোকের ঘোর-
হিম কুয়াশার চাদর মোড়া
শিশির ধোয়া ভোর।
মুটোয় মুঠোয় দ্যায় সে আমায়
স্কুল পালানো দিন-
নাটাই হাতে একটা দুপুর
ভীষণ উদাসীন।
পেছন পেছন ছুটছি আমি
এই জীবনের চাইতে দামি
একটা ঘুড়ি, নীল-
আকাশ ঘেঁষে যাচ্ছে উড়ে
মেলছে ডানা চিল।
নদী’র জলে
দলে দলে
ঝাঁপিয়ে পড়ার সুখ-
কত্তো খেলায়
হেলায় হেলায়
স্বপ্নে বাঁধাই বুক!
সেই সে ছায়া পথ-সারাটা
আমার পিছু পিছু-
বড্ড অবুঝ, সবুজ সবুজ
চায় না মোটেও কিছু।
চায় সে শুধুই, খুব-
এই আমারই বন্ধু হবে
স্বপ্নে দেবে ডুব।
সেই ছায়াতে সেই ছোঁয়াতে
রঙিন লাগে সব-
এই ছায়াটার নাম দিয়েছি
দুরন্ত শৈশব।