শেয়ারবাজারে লেনদেনে খরা

দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে শেয়ারবাজার নিম্নমুখি চক্রে ঘুরপাক খাচ্ছে। দুয়েকদিন সূচক বাড়লেও বেশিরভাগ সময়ে সূচক নিম্নমুখি ধারাতেই রয়েছে। সবচেয়ে বেশি আশঙ্কার বিষয় হলো গত এক সপ্তাহ ধরে বাজারে লেনদেনের পরিমাণ কমে যাচ্ছে। গতকালও উভয় শেয়ারবাজারে লেনদেন হয়েছে কম। গতকাল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২০২ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ৭০ কোটি টাকা কম। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১২ কোটি টাকা কমে হয়েছে ২৯ কোটি টাকা। বাজার বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বিনিয়োগকারীরা বাজারে আস্থা পাচ্ছেন না, ফলে লেনদেন কমে যাচ্ছে। তাছাড়া হরতাল থাকায়ও লেনদেনের প্রবাহ কমে যাচ্ছে। এ অবস্থায় অর্থনীতি ও শেয়ারবাজারে গতি ফিরিয়ে আনতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১০ পয়েন্ট কমে ৩ হাজার ৮৮৪ পয়েন্টে নেমে এসেছে। একই সময়ে পূর্বতন সাধারণ মূল্যসূচক কমেছে ১৯ পয়েন্ট। আর ডিএসই ৩০ মূল্যসূচক ৪১ পয়েন্ট কমে ১ হাজার ৪০৯ পয়েন্টে নেমে আসে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ২০২ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ৭১৮ টাকা। যা আগের দিনের চেয়ে ৭০ কোটি ২৬ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৭১টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ১৫৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১ টি কোম্পানির শেয়ারের। এদিন ডিএসইতে ২৭১ টি কোমপানির ০৫ কোটি ২৯ লাখ ৯৫ হাজার ১৮৭ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। গতকাল সিএসই’র সার্বিক মূল্যসূচক ৫৫ পয়েন্ট কমে ১২ হাজার ১৩৫ পয়েন্টে নেমে এসেছে। সিএসই-৩০ মূল্যসূচক বেড়েছে ৪৪ পয়েন্ট। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ২ লাখ ৩৫ হাজার ২০৪ টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ১২ কোটি টাকা কম। লেনদেনকৃত ১৭২ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪১ টির, কমেছে ১১৭ টির আর অপরিবর্তিত ছিল ১৪ টি কোম্পানির শেয়ারের দর। ডিএসই জানিয়েছে, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১২ তারিখে সমাপ্ত অর্থ বছরের জন্য ৩০ শতাংশ স্টক লভ্যাংশ (বোনাস শেয়ার) সুপারিশ করেছে। এর সংশ্লিষ্ট রেকর্ড ডেট আগামী ১৩ মার্চ। সমাপ্ত অর্থ বছরের জন্য কোম্পানিটির কর পরবর্তী নীট মুনাফা হয়েছে ১৫৩ দশমিক ৩৯ মিলিয়ন টাকা, শেয়ার প্রতি আয় ৪ টাকা ৬ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ২৩ টাকা ২৯ পয়সা।