ইরাকে হামলায় ৪০ সিরীয় কর্মকর্তা নিহত
প্রকাশ : ০৫ মার্চ ২০১৩, ২০:০১
ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৪০ সিরীয় সেনা ও সরকারি কর্মকর্তা নিহত হয়েছে। সিরিয়ায় বিদ্রোহীদের হামলা থেকে বাঁচতে গত সপ্তাহে ইরাকে পালিয়ে যাওয়া এসব সিরীয় সেনা ও সরকারি কর্মকর্তাদের দলটিকে ইরাক কর্তৃপক্ষ আবার সিরিয়া সীমান্তে ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় তাদের ওপর এ হামলা হয়।
আনবার প্রদেশে এই সিরীয়দের বহনকারী গাড়িবহরে চোরাগোপ্তা হামলা চালায় বন্দুকধারীরা। হামলার দায় কেউ স্বীকার করেনি। ইরাকের এ প্রদেশটিতে দু’মাসেরও বেশি সময় ধরে শিয়া নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে সুন্নি মুসলিমরা। প্রতিবেশী দেশ সিরিয়াতেও শিয়া ইরানের সমর্থনপুষ্ট শাসকগোষ্ঠীকে উত্খাতে প্রধানত লড়ছে সুন্নি মুসলিমরা। সিরিয়ার সংঘাত থেকে জাতিগত উত্তেজনা ছড়িয়ে পড়ছে ইরাক এবং মধ্যপ্রাচ্য জুড়ে।
ইরাকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, সিরীয় সেনা-কর্মকর্তাদের দলটিকে আল ওয়ালিদ বর্ডার ক্রসিংয়ে নিয়ে যাওয়ার সময় আকাশাত এলাকায় গাড়িবহরের ওপর হামলা হয়। নিহতদের মধ্যে গাড়িবহর পাহারায় থাকা ইরাকি সেনারাও রয়েছে। আনবার প্রাদেশিক পরিষদের সদস্য হিকমাত সুয়েলইমান আয়াদি হামলায় নিহতের সংখ্যা ১৪ ইরাকিসহ ৬১ বলে জানিয়েছেন।