সংবাদ কণিকা
প্রকাশ : ০৫ মার্চ ২০১৩, ২০:০২
পানিতে বসবাস
সমুদ্রের মাঝেই জীবন যাপন করতে ডাচ নির্মাণ কৌশল বিষয়ক প্রতিষ্ঠান ওয়াটার স্টুডিও ডট এনএল পানিতে ভাসমান অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স তৈরি করেছে। ডেলফ্ট এবং হেগের মধ্যে তৈরি এই কমপ্লেক্সে ৬০টি অ্যাপার্টমেন্ট থাকবে। ওয়াটার স্টুডিও ডট এনএল পানির উপরে বিভিন্ন স্থাপনা তৈরিতে বিশেষ পারদর্শী। তাছাড়া এটাতো অনেকই জানেন, নেদারল্যান্ডসের এক-তৃতীয়াংশ ভূখণ্ডই সমুদ্রপৃষ্ঠ থেকে নিচের দিকে অবস্থিত।
— ডয়চে ভেলে
সরীসৃপ হুমকির মুখে
্এক গবেষণায় দেখা গেছে পৃথিবীতে প্রায় ঊনিশ শতাংশ সরীসৃপ জাতীয় প্রাণী রয়েছে। যার মধ্যে কুমীর, গিরগিটি বা লিজার্ড, কচ্ছপ এবং সাপেরও নানা প্রজাতি আছে। এদের অনেকেরই অস্তিত্ব আজ হুমকির মুখে। আবার এদের মধ্যে এক-দশমাংশ সাংঘাতিকভাবে বিপন্ন প্রজাতির মধ্যে পড়ে অর্থাত্ কয়েক বছরের মধ্যে এরা চিরতরে পৃথিবীর বুক থেকে হারিয়ে যেতে পারে বলেও আশঙ্কা আছে। এই গবেষণাপত্রটির মূল প্রণেতা ড.মনিকা বোয়েহম বিবিসিকে বলছিলেন—পরিবেশে যে কোনও পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার ব্যাপারে সরীসৃপরা আসলে ভীষণ বেশি রকমের সংবেদনশীল। — বিবিসি
হাড় জোড়া দেবে প্লাস্টিক
ভাঙা হাড় জোড়া দিতে পারে নতুন ধরনের এক প্লাস্টিক। ম্যাশএবল জানিয়েছে, ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ সাউদাম্পটনের বিজ্ঞানীরা জানিয়েছেন তিন ধরনের প্লাস্টিকের এক মিশ্রণ, যা নিজে থেকে সেরে উঠতে অক্ষম ভাঙা হাড় জোড়া দিতে পারে। হাড়ের ভাঙা অংশের ওপর আবরণের মতো করে ব্যবহার করা হয় প্লাস্টিকের মিশ্রণটি। ইউনিভার্সিটি অফ সাউদাম্পটনের বিজ্ঞানী রিচার্ড ওরেফো বলেন, ‘প্লাস্টিকের মিশ্রণটির গঠন অনেকটাই মৌচাকের মতো। জীবন্ত কোষগুলো এর ওপর যেমন অবস্থান নিতে পারে, তেমন রক্তকণিকাগুলো একে ভেদ করতে পারে।
— বিডি টোয়েন্টিফোর ডটকম