গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ০৫ মার্চ ২০১৩, ২০:১৩
প্রয়োজনের মুহূর্তে পকেট বা কোমরের খাপ থেকে চটজলদি বের করে গুলি করা যায় বলেই পুলিশ আর অপরাধীদের কাছে দারুণ প্রিয় এক আগ্নেয়াস্ত্রের নাম রিভলবার। কিন্তু ভেবে দেখুন তো, একটা রিভলবারের ওজন যদি হয় ৪৫ কেজি বা প্রায় ১০০ পাউন্ড এবং সেটি যদি হয় দৈর্ঘ্যে-প্রস্থে কয়েক ফুট লম্বা-চওড়া তাহলে সেটি দিয়ে চটজলদি গুলি করা তো দূরে থাক সেটি আদৌ বহন করা বা উত্তোলন করাও কি সম্ভব হবে। তবে রেকর্ডের পাতায় স্থান করে নিতে এমন একটা রিভলবার কিন্তু সত্যিই তৈরি করেছিলেন পোল্যান্ডের সৌখিন অস্ত্রনির্মাতা রাইজার্ড টোবিস। বিভিন্ন ধরনের ঐতিহাসিক আগ্নেয়াস্ত্রের অনুলিপি বানাতে সিদ্ধহস্ত রাইজার্ড বিশ্বের সর্ববৃহত্ এই রিভলবারটি প্রথম পরীক্ষা করেন ২০০২ সালের জুলাই মাসে। আর রেমিংটন ১৮৫৯ মডেলের অনুকরণে বানানো এই রিভলবারটির দৈর্ঘ্য ছিল ১.২৬ মিটার বা ৪ ফুট ১.৫ ইঞ্চি এবং উচ্চতায় ৪০ সেন্টিমিটার বা ১৫.৭৫ ইঞ্চি।