আমরা কেউ ম্যাড নই, আমরা মীরাক্কেল

জি বাংলাতে আবার শুরু হয়েছে ‘মীরাক্কেল ৭’। আর এই প্রতিযোগিতায় দুই বাংলার নতুন প্রতিযোগীদের পাশাপাশি ‘মীরাক্কেল ৬’-এর তারকা পারফর্মার হিসেবে গিয়েছেন জামিল হোসেন। নতুনভাবে পুরোনো জায়গায় সেই নতুন অনুভবের কথাগুলোই বিনোদন প্রতিদিনের পাঠকদের জন্য লিখে পাঠিয়েছেন কলকাতা থেকে ‘মীরাক্কেল ৭’-এ যেদিন থেকেই এসেছি, সেদিন থেকেই এবারের সেটটাকে খুব মিস করেছি। মনে হচ্ছে এবারে তারকা পারফর্মার হিসেবে না থেকে যদি আবারও প্রতিযোগী হিসেবে পারফর্ম করতাম। সেই একই জায়গা কিন্তু হঠাত্ করেই কীভাবে যেন সিনিয়র হয়ে গেলাম আমরা। ঢাকা থেকে আমি আর সজল এসেছি। খুব মিস করছি ইশতিয়াক আর রনিকে। দুজনার সাথেই ফেসবুকে কথা হচ্ছে। আর এখানে আমরা অপূর্ব, সঙ্গীত সবাই তো হরিহরআত্মা। অনেকদিন পর আমাদের নিজেদের কাজের স্ট্যাটাস নিয়ে আলোচনা করি। আমি দুটি ছবিতে কাজ করছি বলে সবাই তো মহাখুশি। এই খুশিতে ওদেরকে খাওয়াতে হলো, আমারও পকেট থেকে কিছু খসল। আমরা সব বন্ধুরা মিলে নিজেদের একটা ট্যাগলাইন ব্যবহার করছি। তা হলো আমরা কেউ ম্যাড নই, আমরা মীরাক্কেল। এই বাক্যটা এখন দারুণ পপুলার আমাদের ভেতরে। শ্রীলেখা দি, রনি দা, পরান দা সবাই জেঁকে বসল। ছবির কাস্টিং কে, কাহিনী কি যাবতীয় শুনে খুব অ্যাপ্রিশিয়েট করল। এবারের মীরাক্কেলে পাশের সিটে বসে থাকলেও আমরা মেন্টর নই। আমরা থাকছি তারকা পারফর্মার হিসেবে। তাই নতুন প্রতিযোগীদের গাইড লাইন দেওয়ার চেষ্টা করি। অপূর্ব আমায় জিজ্ঞেস করে বাংলাদেশে মীরাক্কেল এর জনপ্রিয়তা প্রসঙ্গে। আমি বলি, অপূর্ব আমাদের ওখানে দারুণ জনপ্রিয়। আরেকটি বিষয় যেটা সব সময় হয়, তা হলো প্রতিবার আমি কলকাতা গেলে এ দেশে ভালো কিছু নাটক আর সিনেমা নিয়ে যাই। এবারেও আমার ল্যাপটপে নিয়ে যাওয়া ছবি আর নাটকগুলো ওখানকার সকলে মিলে গোগ্রাসে গিলেছি। এ মাসের ২০ মার্চ আমাকে চলে আসতে হবে কারণ আমার ‘লাভ টুয়েন্টি ওয়ান’-এর শুটিং শুরু হবে। কিন্তু এবারে মীরাক্কেলে এসে বারবারই মনে হচ্ছে এখানে যেকোনো পজিশনের চেয়ে প্রতিযোগীর অবস্থান আনন্দ সবচেয়ে বেশি। তবে আগে যে টেনশন বা রুদ্ধশ্বাস অবস্থায় থাকতাম বা মীর দাকে যেমন ভয়ে ভয়ে কথা বলতাম, সে বিষয়টা এখন অন্যরকম। আরো বেশি ফান, মাস্তি করছি। শুটিং ছাড়া বিকেলটা কাটাচ্ছি আমরা দারুণ। তবে এবারের প্রতিযোগিদের নিয়ে আগে থেকেই বলা যায় না। এটা নিজে থেকেই বুঝতে পারি। কারণ আমাদের বেলাতেও সবার পারফর্মেন্স প্রতিদিনই ওঠানামা করত। তবে এবারেও বেশ কিছু ট্যালেন্ট বের হয়ে আসবে এটা নিশ্চিত। কারণ এটা মীরাক্কেলের প্লাটফর্ম।