নাগেশ্বরীতে ১৮শ’ শিক্ষার্থী হিন্দু ধর্ম শিক্ষা বই পায়নি
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ০৫ মার্চ ২০১৩, ২০:৪০
নাগেশ্বরীর প্রাথমিক বিদ্যালয়গুলোর ৩য় ও ৪র্থ শ্রেণীর ১ হাজার ৮শ’ হিন্দু শিক্ষার্থী হিন্দু ধর্ম শিক্ষা বই পায়নি। ১ জানুয়ারির মধ্যে সারাদেশের প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে সকল বই পৌঁছানোর কথা থাকলেও বছরের দুই মাস অতিবাহিত হলেও বই না পাওয়ায় পড়ালেখা বিঘ্নিত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রধান শিক্ষক জানান, শিক্ষা অফিস থেকে তাদের অলিখিত নির্দেশ দেয়া হয়েছে, এ অবস্থায় বছর পাড়ি দিতে। প্রয়োজনে ইচ্ছেমত নম্বর দিয়ে ফলাফল সীট তৈরি করতে বলা হয়েছে।
শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৯৫টি সরকারি ও ৮৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণিতে প্রায় ২ হাজার ৮শ’ হিন্দু শিক্ষার্থীর মধ্যে এক হাজার শিক্ষার্থীকে বই বিতরণ করা হয়েছে। বাকি ১ হাজার ৮শ’ শিক্ষার্থী এখন পর্যন্ত বই পায়নি। উপজেলা শিক্ষা অফিস সহকারী আজিজার রহমান বলেন, এমএলএসএস ফজলুল বিষয়টি ভাল জানে। তার সঙ্গে কথা বলতে হবে। পরে তিনি বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বই পেলে দ্রুত বিতরণ করা হবে। অথচ উপজেলা শিক্ষা কর্মকর্তা তৈফিকুর রহমান বলেন, আমার জানামতে সকল বই বিতরণ করা হয়েছে। বই বিতরণ নিয়ে উপজেলা শিক্ষা অফিসার ও অফিস সহকারীর পরস্পর বিরোধী কথায় শিক্ষার্থী ও অভিভাবক হতাশ।