পল্লী অবকাঠামো উন্নয়নে রংপুরসহ ১৪ জেলায় বিশেষ প্রকল্প গ্রহণ
প্রকাশ : ০৫ মার্চ ২০১৩, ২০:৫৬
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে রংপুর বিভাগের ৮ জেলা রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও কুড়িগ্রাম এবং ঢাকা বিভাগের ৬ জেলা নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলে জেলায় জাইকার সহায়তায় নর্দার্ন বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট নামের একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর সভায় প্রকল্পটির অনুমোদন দেয়া হয়। স্থানীয় সরকার বিভাগের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৭০৫ কোটি ৯৪ লাখ টাকা। তন্মধ্যে ২ হাজার ১২৭ কোটি ৫৭ লাখ টাকা জাপান ভিত্তিক আন্তর্জাতিক সহযোগী সংস্থা জাইকা এবং বাকি ৫৭৮ কোটি ৩৭ লাখ টাকা সরকার যোগান দেবে। এর আওতায় প্রকল্প এলাকায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ছাড়াও ১৮টি পৌরসভা উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য পরিচালন দক্ষতা বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি মার্চ ২০১৩ থেকে শুরু হয়ে জুন ২০১৯ পর্যন্ত চলবে।