সোমেশ্বরীর ভাঙ্গনে বিলীন হচ্ছে সিলিকা বালু সমৃদ্ধ দুর্গাপুর

নেত্রকোনা জেলার মধ্যে দুর্গাপুর উপজেলা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ উপজেলা হলেও এর অবকাঠামোগত উন্নয়ন যেমন হয়নি, তেমনি এ উপজেলার যোগাযোগ ব্যবস্থাও খুবই খারাপ। সোমেশ্বরী নদীর ভাঙ্গনে বিলীন হচ্ছে জনপদ আর বাজার। দুর্গাপুর উপজেলায় রয়েছে বিখ্যাত সাদামটি, সিলিকা বালি এবং সোমেশ্বরীর কয়লা। এ সমস্ত দ্রব্যাদির সাথে শত শত শ্রমিক-কর্মচারী জড়িত। তারা সেখানে সাদা মাটি কাটার কাজ থেকে শুরু করে বালি উত্তোলন এবং কয়লা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে থাকে। এছাড়া নির্মাণ সামগ্রী হিসাবে পরিচিত সোমেশ্বরী নদীর সিলিকা বালি উত্তোলন করে তা ট্রাকযোগে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। এতে করে এই এলাকার নিম্নআয়ের লোকজন উপকৃত হচ্ছে। কিন্তু এত কিছু থাকার পরও এই উপজেলার সড়ক যোগাযোগ যেমন খারাপ, তেমনি নদী ভাঙ্গনে বিলীন হচ্ছে প্রতিবছর শত শত বাড়িঘর। সোমেশ্বরী নদী তীরবর্তী লোকজন বাস্তুহারা হচ্ছে। বিলীন হচ্ছে বাজার এবং সড়ক। নদী ভাঙ্গনে ছোট হয়ে আসছে দুর্গাপুরের পরিধি। সোমেশ্বরী নদীর ভাঙ্গনে শিবগঞ্জ, বিজয়পুর, কুল্লাগড়াসহ বিভিন্ন এলকা প্রতিবছরই বিলীন হচ্ছে। এছাড়া বিজয়পুর-শিবগঞ্জ সড়কটির বেশিরভাগই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড এ ব্যাপারে এখন পর্যন্ত কোন পদক্ষেপই গ্রহণ করেনি।