এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবল

নর্দান মারিয়ানাকে দুর্বল মনে করছে না বাংলাদেশ

নেপালকে হারিয়ে বাংলাদেশ শিবিরে তাত্ক্ষণিকভাবে আনন্দ বইলেও এখন চলছে ফিলিস্তিনের বিরুদ্ধে নিদেন পক্ষে ড্র করতে না পারার আফসোস। কারণ চ্যালেঞ্জ কাপ ফুটবলের বাছাইয়ে ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম খেলাটি ড্র করতে পারলে বাংলাদেশ আজ বুধবার দুর্বল নর্দান মারিয়ানাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে উঠে যেত। বাংলাদেশ ও নর্দান মারিয়ানার খেলাটি কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সোয়া দুটায় শুরু হবে। কিন্তু এ ম্যাচে জিতলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ চূড়ান্ত পর্বে উঠতে পারছে কিনা তা নির্ভর করবে নেপাল-ফিলিস্তিনের খেলার ওপর। কেননা দিনের প্রথম ম্যাচে নর্দান মারিয়ানাকে ১০ গোলে হারাতে পারলে এরপর বিকাল সোয়া পাঁচটায় নেপাল-ফিলিস্তিন ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। স্বাগতিক ও টুর্নামেন্টের সবচাইতে শক্তিশালী দলের খেলাটি যদি ড্র হয় তাহলে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে ফিলিস্তিন। অপরদিকে নেপাল জয়ী হলে তিন দলের পয়েন্ট হবে সমান ছয় করে। সেক্ষেত্রে গোল পার্থক্যের হিসাবটা হয়ে দাাঁবে মুখ্য। গোল পার্থক্যে বাংলাদেশকে এগিয়ে থাকতে না পারলে হিসাব ওলাট-পালট হয়ে যাবে। তাহলে কি গোলের হিসাব করে নর্দান মারিয়ানার বিরুদ্ধে মাঠে নামবে আজ বাংলাদেশ? ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফের জবাব, ‘হতেই পারে না। গোল টার্গেট করে আমি মাঠে নামব না। নির্দিষ্ট গোলের লক্ষ্য নিয়ে মাঠে নামলে আমার ছেলেরা সবাই গোল করার জন্য নর্দান মারিয়ানার গোল মুখে জড়ো হবে। সেটা আমার জন্য শুভ হবে না। পুরো খেলাটা নষ্ট হয়ে যাবে। কারো পজিশন থাকবে না।’ চ্যালেঞ্জ কাপের ‘ডি’ গ্রুপে নর্দান মারিয়ানা দুর্বল দল। তাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে নেপাল ৬-০ গোলে এবং ফিলিস্তিন ৯-০ গোলে জিতেছে। দুই দলই গোল গড়ে এগিয়ে আছে। এ প্রসঙ্গে বাংলাদেশ কোচ বলেন, ‘এটি আমিও জানি, তার মানে এই নয় যে, আমি ৫ গোল কিংবা ১৫ গোলে ম্যাচ জেতার লক্ষ্য নির্ধারণ করে দেবো।’ তিনি আরো বলেন, ‘গোল পার্থক্যের হিসাবটা আমি জানি, সেটা বুঝেই মাঠে নামব।’ কোচ আভাস দিচ্ছেন নর্দান মারিয়ানা যতই দুর্বল দল হোক না কেন তিনি সেরা একাদশ মাঠে নামাবেন। গত দুই ম্যাচে খেলা কাউকে বিশ্রাম দিচ্ছেন না। সে পরিকল্পনা থেকেই গতকাল দুপুরে দলকে অনুশীলন করানো হয়েছে। চ্যালেঞ্জ কাপ ফুটবলের পাঁচ গ্রুপের চ্যাম্পিয়নদের সাথে দুটি সেরা রানার্সআপ দল চূড়ান্ত পর্বে খেলবে। সাথে থাকবে স্বাগতিক মালদ্বীপ। রানার্সআপ হিসেবে চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ আছে বাংলাদেশের। সেক্ষেত্রে সব কয়টি গ্রুপের খেলা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে দুর্বল নর্দান মারিয়ানার কোচ কু লুয়ামখেন বাংলাদেশকে হারানো দূরের কথা ড্র করার কথা শুনেই আঁতকে উঠেছেন। মালয়েশিয়ান এই কোচ অবাক হয়ে বলেন ‘ড্র ? ও মাই গড, নেভার।’ তিনি জানান, নর্দান মারিয়ানার অ্যামেচার জাতীয় দল কখনো এক সপ্তাহে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলনি। নেপালে চ্যালেঞ্জ কাপ খেলতে এসে দুই ম্যাচেই তারা হাঁপিয়ে উঠেছেন। এখন তার খেলোয়াড়রা ক্লান্ত। তাদের পক্ষে ৯০ মিনিট দৌড়ানো নেপালের এভারেস্টে উঠার সমান। ডি গ্রুপের পয়েন্ট টেবিল দল খেলা জয় ড্র হার গোল পয়েন্ট ফিলিস্তিন ২ ২ ০ ০ ১০/০ ৬ নেপাল ২ ১ ০ ১ ৬/২ ৩ বাংলাদেশ ২ ১ ০ ১ ২/১ ৩ নর্দান মারি ২ ০ ০ ২ ০/১৫ ০