সাকিব-তামিমের আইপিএল নিয়ে সংশয়
প্রকাশ : ০৫ মার্চ ২০১৩, ২১:০২
মোহাম্মদ আশরাফুল ও মাশরাফি বিন মুর্তজাকে দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশি ক্রিকেটারদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অভিযান। গত বছর দুয়েক ধরে আইপিএলে বাংলাদেশের সেই প্রতিনিধিত্ব করছেন সাকিব আর হাসান ও তামিম ইকবাল। এর মধ্যে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের প্রধানতম খেলোয়াড়দের একজন সাকিব। কিন্তু আগামী আইপিএলে এই সাকিব বা তামিমের খেলাটা এখনও ঠিক নিশ্চিত না। যার যার আইপিএল দলের দিক থেকে কোনো সমস্যা নেই। বরং সাকিবের কলকাতা বা তামিমের পুনে ওয়ারিয়র্স এই দুই খেলোয়াড়ের সঙ্গে চুক্তিও বাড়িয়েছে। কিন্তু সমস্যা হল, এখনও সাকিব-তামিমের আইপিএল খেলার ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসছে আইপিএল আসর চলা অবস্থায় বাংলাদেশ থাকবে জিম্বাবুয়ে সফরে। বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সফরে বিঘ্ন ঘটিয়ে সাকিব-তামিমের মতো সেরা দুই ক্রিকেটারকে আইপিএলের জন্য ছাড়া হবে কি না; সেটা এখনও ঠিক করে উঠতে পারেনি বিসিবি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এ প্রসঙ্গে বলেছেন, ‘আমরা ওদের এনওসি দেয়ার ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেইনি। দলের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব।’
বাংলাদেশের জিম্বাবুয়ে সফর শুরু হবে এপ্রিলের ১৩ তারিখ এবং শেষ হবে মে মাসের ১২ তারিখে। এদিকে আইপিএলের খেলা শুরু হবে এপ্রিলের ৩ তারিখ; শেষ হবে ২৬ মে। এই সফরে বাংলাদেশ দু’টি টি-টোয়েন্টি, ৩টি ওয়ানডে এবং ২টি টেস্ট খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এই সফরে অংশগ্রহণের আগে-পরে দু’টি উইন্ডোতে সর্বোচ্চ চারটি ম্যাচ খেলতে পারবেন সাকিব ও তামিম। এ অবস্থায় পুনে ও কলকাতা এই দুই খেলোয়াড়ের জন্য অপেক্ষা করারই সিদ্ধান্ত নিয়েছে। তারা এখনই বদলি নিয়ে ভাবছে না। পুনের এক কর্মকর্তা বলছিলেন, ‘আমরা জানি, তামিম টুর্নামেন্টের বড় অংশতেই থাকতে পারবে না। আপাতত আমরা শুধু অপেক্ষাই করতে পারে।’
একই কথা বলছেন কলকাতার প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোরও। তিনি বলছেন, সাকিব তাদের অন্যতম প্রধান তারকা। ফলে তার জন্য অপেক্ষা করবেন তারা, ‘এখনও পরিস্থিতি আসলে পরিষ্কার না। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। ও আমাদের অন্যতম প্রধান খেলোয়াড়। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আইপিএল থেকে পরিষ্কার ব্যাখ্যা পাওয়ার অপেক্ষায় আছি।’